Dhaka Mail Logo

রাজনীতি

আমরা চাঁদাবাজি ও পাথর দিয়ে হত্যা দেখতে চাই না: রাশেদ প্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের মন্তব্য, ‘আমরা চাঁদাবাজি ও পাথর দিয়ে হত্যা দেখতে চাই না।’ বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না বলেও সাফ জানালেন। 

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন। তিনি ছাত্রদের রাজাকার বলেছিলেন। সেই বক্তব্যের জেরে এক আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছিল। নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে।’ 

একটি দলকে ইঙ্গিত করে জাগপা সহসভাপতির পরামর্শ, ‘ইতিহাস থেকে শিক্ষা নেন। ভুল করবেন না।’  

তিনি সতর্ক করেন, ‘নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না। আপনাদেরও জনতা বাংলা থেকে বিতাড়িত করে দেবে।’

রাশেদ প্রধান বলেন, ‘আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি ও পাথর দিয়ে হত্যা দেখতে চাই না।

জাগপা নেতা বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে ভোট ও প্রবাসীদের ভোটাধিকার আদায়ের কথা বলছে, সেই দাবির সঙ্গে আমার দল একমত। একইসঙ্গে আমরা দুটি দাবি উত্থাপন করছি— বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি চলবে না। চলতে দেওয়া হবে না। তাদের নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত ভারত থেকে পুশ ইন হচ্ছে। সীমান্তে হত্যা হচ্ছে। অতীতে আমার দেশের ফলাফল ওদিক থেকে নির্ধারণ হয়েছে। সুতরাং সকল মজলুমকে একত্রিত হতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও কোরআনের বাংলাদেশ।’

টিএই/এএইচ