Dhaka Mail Logo

রাজনীতি

শহীদ আসাদের চেতনা শাণিত করতে হবে: ন্যাপ

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

‘ষাট দশকে পাকিস্তানের স্বৈরাচারী শাসন, নিপীড়ন-শোষণ বঞ্চনার বিরুদ্ধে ছাত্র-জনতার সংগ্রামে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে আসাদ শহীদ হওয়ার ঘটনা বাংলার গণতান্ত্রিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামী মানুষের প্রাণে জাগিয়েছিল অমিত সাহস ও প্রচণ্ড শক্তি।’

শহীদ আসাদ দিবস উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।

তারা বলেন, শহীদ আসাদের আত্মত্যাগেই ৬৯-এর গণঅভ্যুত্থান। ’৬৯-এর ধারাবাহিকতায় একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলেও শহীদ আসাদের চেতনা কখনও ফুরাবার নয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় শহীদ আসাদের চেতনাকে শাণিত করতে হবে।

তারা ৬৯-এর গণআন্দোলনের বীর সেনানী শহীদ আসাদের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রাম কেবল ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্যেই সীমিত নয়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অনেক দীর্ঘ। ৬৯’র গণঅভ্যুত্থান প্রকৃত অর্থে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সোপান রচনা করেছিল।

নেতৃদ্বয় বলেন, ’৫২-এর ভাষা আন্দোলন বাঙালিকে ঘরমুখো করেছিল, আর ’৬৯-এর গণঅভ্যুত্থান সেই বাঙালিকে তার ঘরের ঠিকানা খুঁজে দিয়েছিল। স্বাধিকারের ঢিমেতাল আন্দোলন ঊনসত্তরের ২০ জানুয়ারি আসাদের শাহাদাতের পর সহসাই গণঅভ্যুত্থানে পরিণত হয়।

নেতৃদ্বয় বলেন, ১৯৬৯’র প্রচণ্ড গতিবেগই বস্তুত ’১৯৭১-এর মুক্তিযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তোলে। এসকল বিচারে এটা নিঃসন্দেহে বলা চলে এদেশের মানুষের সাম্রাজ্যবাদ-সামন্তবাদবিরোধী সংগ্রামের ধারাবাহিকতায় ’৬৯ একটি বড় মাইলফলক। আসাদ তাই জনগণের মুক্তির প্রেরণা আর ঊনসত্তর মুক্তির দিশারী।

তারা আরো বলেন, কথায় কথায় এবং বক্তৃতা-বিবৃতিদানের সময় প্রায়শই আমরা বলি, আবেগভরা কণ্ঠে খুব গর্বের সঙ্গে বলে থাকি জাতীয় চেতনার কথা। কিন্তু মনের মধ্যে প্রশ্নের উদ্রেক হতেই পারে যে জাতীয় চেতনার এই গৌরব-গরিমা ও আবেগকে আমরা মনেপ্রাণে কতটুকু লালন ও ধারণ করি?

নেতৃদ্বয় বলেন, শহীদ আসাদ ও ৬৯’র গণ-অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। নানা বীরত্ব গাথাসহ জাতির আন্দোলন-সংগ্রাম ও উত্থানের সঠিক ইতিহাস জানার কোনো বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে গণ-অভ্যুত্থান ও শহীদদের আত্মবলিদান নতুন প্রজন্মের কাছে অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এমই/এএস