images

রাজনীতি

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠকের পর যা বললেন আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৪, ০৪:৩৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে যৌথ প্রচেষ্টায় ইইউ সহযোগিতা করতে রাজি আছে। 

সোমবার (১৯ আগস্ট) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের বৈঠকের পর তিনি এ কথা বলেন। 

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। 

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশে এতগুলো টাকা যে পাচার হয়েছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি, সবাই মিলে একসঙ্গে এটার জন্য কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পরে বাংলাদেশ গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে... এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে তাদের পক্ষ থেকে, কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশ যে একটা গর্তের মধ্যে পড়েছে, সেখান থেকে দেশটাকে তুলে আনা যাবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, এ ছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কী সহযোগিতা থাকতে পারে, বিশেষ করে আমাদের দেশ থেকে ইউরোপে যে রফতানি হয়, এটা কীভাবে আমরা অব্যাহত রাখতে পারি... সে ক্ষেত্রে তাদের কী করা উচিত, আর্থিক খাতে রিফর্ম কী করা যায়, দেশ অর্থনৈতিকভাবে কীভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

এমএইচএম