Dhaka Mail Logo

রাজনীতি

চার মাস পর বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন কারামুক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ মার্চ ২০২৪, ০৬:৩৪ পিএম

কারামুক্ত হলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। প্রায় চার মাস কারাভোগের পর শুক্রবার (১ মার্চ) কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির পথ উন্মুক্ত হয়। ইতোপূর্বে চারটি মামলায় তিনি জামিন পান। এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে তার জামিন মেলে।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে দিন সংঘর্ষের ঘটনায় ২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে স্বপনকে আটক করে পুলিশ। 

পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়েরকৃত রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলাসহ রমনা থানায় দায়েরকৃত দুটি এবং পল্টন থানায় পাঁচটিসহ মোট সাতটি মামলা করা হয় তার বিরুদ্ধে। 

পরবর্তীতে স্বপনকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট। গত ৩০ জানুয়ারি তাকে গ্ৰেফতার দেখানো হয়।

বিইউ/এমআর