Dhaka Mail Logo

রাজনীতি

জাপার রওশন অংশে যোগ দিলেন ফিরোজ রশীদ-বাবলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম

জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদ অংশে যোগ দিয়েছেন কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবুল হোসেন বাবলাসহ বেশ কয়েকজন নেতা। রওশন এরশাদের ডাকা সংবাদ সম্মেলনে জাপার প্রভাবশালী এই দুই নেতাকে দেখা গেছে। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের বাসভবেন সংবাদ সম্মেলনে রওশন এরশাদের পাশে এই দুই নেতাসহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দেখা গেছে। 

আরও পড়ুন
৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিল, ঘোষণা রওশনের

রওশন এরশাদ বলেন, আমার পাশে যারা রয়েছেন- তারা দেশের রাজনীতির দুই দিকপাল। কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। জাপা প্রতিষ্ঠায় তাদের অনন্য ভূমিকা রয়েছে। দলের জন্য তারা জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং আমার পাশে তারা সব সময়ই ছিলেন এবং এখনও আছেন।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণ এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে আগামী ৯ মার্চ দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছি। কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলাসহ পার্টির প্রতিষ্ঠাকালীন নেতাদের এবং এরশাদভক্ত সর্বস্তরের অগণিত নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। 

সংবাদ সম্মেলনে রওশন এরশাদ সাংগঠনিক বিষয়ে তথ্য জানতে রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ এবং মিডিয়া সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য মুখপাত্র সুনীল শুভ রায়ের সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করেন।

বিইউ/এইউ