images

রাজনীতি

গ্রেফতার-নিপীড়নে এবার আর ক্ষমতা ধরে রাখা যাবে না: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৩, ১২:৪৬ পিএম

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গ্রেফতার-নিপীড়ন করে, নেতাকর্মীদের হত্যা করে এবার আর ক্ষমতা ধরে থাকা যাবে না।’ শনিবার নয়াপল্টনে যে সহিংসতার ঘটনা ঘটেছে এর জন্য সরকারি দল এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেছেন তিনি।

রোববার (২৯ অক্টোরব) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন রিজভী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার। নিশিরাতের সরকারের বিরুদ্ধে গোটা জাতি ফুঁসে উঠেছে। বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে আক্রমণ করে। গুলি করে, নেতাকর্মীদের হত্যা করেও নিজেদের নিরাপদ মনে করছে না অবৈধ সরকার। তাই বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

রিজভী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম ৭৫ বছর বয়স্ক এবং গুরুতর অসুস্থ। তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গ্রেফতার নিপীড়ন করে, নেতাকর্মীদের হত্যা করে এবার আর ক্ষমতা ধরে রাখা যাবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, গতকাল বিএনপির মহাসমাবেশে হামলা, গুলি, গুলি করে হত্যা এমনকি যত নাশকতা, সব করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। এর দায়-দায়িত্বও তাদের নিতে হবে।’

বিইউ/জেবি