জেলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ০১:৩৭ পিএম
বাবার ছবিখানাই তাদের মূল সম্পদ। এ ছবি দেখলেই তাদের বুকের ভেতরটায় রক্তক্ষরণ হতে থাকে। চোখ ভিজে যায়। অশান্ত হয় মন। সবকিছু থেকেও আজ নিঃস্ব তারা। বলছিলাম নিখোঁজ সিলেট-২ আসনের সাবেক এমপি বিএনপি নেতা ইলিয়াস আলীর তিন সন্তানের কথা। আরবার, সায়ার ও সাইয়ারা নাওয়াল। শিশু অবস্থা কাটিয়ে এখন তারা বড় হয়েছে। বুঝতে শিখেছে যা ১০ বছর আগে বুঝেনি।
আজ ১৭ এপ্রিল। আজ থেকে ১০ বছর আগে ২০১২ সালের ঠিক এই দিনে তৎকালীন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী নিখোঁজ হন। রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গাড়ি নিয়ে বের হলেও তিনি আর ফিরে আসেননি। সন্তানরা জানে না ছবির বাবাটি একদিন নড়েচড়ে বসবে কিনা। স্বামীকে সেবার সুযোগ চিরতরে হারিয়েছেন কি না তাও জানেন না স্ত্রী লুনা। তেমনি মা সূর্যবান বিবি জানেন না ইলিয়াসের মুখে মা ডাক আর শুনবেন কিনা। সন্তানের ফিরে আসার অপেক্ষায় আজো পথ চেয়ে বসে থাকেন মা সূর্যবান বিবি।
ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে বলে অভিযোগ করে আসছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সেই সময় ইলিয়াস আলীর সাথে তার গাড়িচালক আনসার আলীরও খোঁজ মেলেনি। ওইদিন মধ্যরাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর ব্যবহৃত গাড়িটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি তাদের দুজনের। নিখোঁজ ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে দেশব্যাপী শুরু হয় আন্দোলন। টানা কর্মসূচি পালন করেছিল কেন্দ্রীয় বিএনপি। সিলেটের আন্দোলনে প্রাণ হারান বিশ্বনাথ উপজেলার ৩ জন।
স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা। হাইকোর্টে করেছিলেন রিট আবেদন। তার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে ১০ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে রুল জারি করে বলেছিলেন, ইলিয়াস আলীকে অবৈধভাবে আটক করা হয়নি এ মর্মে সন্তুষ্ট হওয়ার জন্য কেন তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না। ২০১২ সালের ১৯ এপ্রিল রুল জারির পর মে মাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচটি সংস্থা হাইকোর্টে পৃথক পৃথক প্রতিবেদন জমা দেয়। তখন এটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছিল, সংস্থাগুলো নিজ নিজ প্রতিবেদনে দাবি করেছে, বিএনপি নেতা ইলিয়াস আলী তাদের হাতে আটক নেই।
নিখোঁজের ১০ বছর পরও ইলিয়াস আলীর কোনো সন্ধান দিতে পারেনি সরকার। রহস্যঘেরাই থেকে গেছে ইলিয়াস আলী নিখোঁজ ঘটনা। আবেদনকারী বা সরকার রিট আবেদনের শুনানির বিষয়ে কোনো উদ্যোগ আজো পরিলক্ষিত হয়নি।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা স্বামী ফেরার অপেক্ষায় ১০টি বছর পার করে দিলেন। আবেগ তাড়িত কণ্ঠে লুনা বলেন, ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর হয়ে গেল। আজো আমরা অন্ধকারেই রয়ে গেলাম। শেষ অবধি আমি তার অপেক্ষা করবো। দুনিয়ার আদালতে বিচার পাইনি, আল্লাহর আদালতেই বিচার দিলাম। যতক্ষণ চোখে আছে, অশ্রু বিসর্জন দিয়ে যাবো।
তিনি বলেন, সরকার ইলিয়াস আলীর সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে ইলিয়াস গুমের রহস্য একদিন উদঘাটন হবেই হবে।
বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রিয় নেতা এম ইলিয়াস আলী সরকারের গুম নাটকের শিকার হয়েছেন। এছাড়াও সারাদেশে গুম হয়েছেন কমপক্ষে আরও ৫ শতাধিক নেতাকর্মী। সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
এদিকে ১০ বছর ধরে গুমের শিকার ইলিয়াস আলীর সন্ধান দাবিতে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার বেলা ১২টায় জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও বাদ জোহর শাহজালাল দরগাহ মসজিদে দোয়া মাহফিল। একই সাথে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদানের নির্দেশনা দেয় জেলা বিএনপি। এছাড়াও ইলিয়াস আলীর সন্ধান কামনায় কাল সোমবার জেলা বিএনপির উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
/এএস