জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ জুন ২০২৩, ০৪:২৮ পিএম
আলোচিত কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅধিকার পরিষদের উদ্যোক্তাদের পথচলা শুরু হয়েছিল। এরপর ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুরসহ কয়েকজন মিলে গঠন করেন রাজনৈতিক দল। যেখানে আহ্বায়ক করা হয় অর্থনীতিবিদ রেজা কিবরিয়াকে। কিন্তু নিজেদের দ্বন্দ্বের জেরে ইতোমধ্যে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই অর্থনীতিবিদকে। এর মধ্যে যেন আগুনে ঘি ঢেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২০ জুন) নিজের ফেরিভায়েড ফেসবুকে পেজে দেওয়া এক স্ট্যাটাসে রেজা কিবরিয়ার কড়া সমালোচনা করেছেন ড. আসিফ নজরুল।
ওই স্ট্যাটাসে গণঅধিকার পরিষদ রেজা কিবরিয়ার দল নয় বলে মন্তব্য করেছেন ড. আসিফ নজরুল। একই সঙ্গে দলের মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শও দিয়েছেন ঢাবির এই অধ্যাপক।
উল্লেখ্য, গণঅধিকার পরিষদের যাত্রা শুরুর পর তাদের একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ড. আসিফ নজরুল। বিভিন্ন সময় তরুণ এই রাজনৈতিকদের কর্মকাণ্ড নিয়ে প্রশংসাও করেছেন তিনি।
‘এটা নুরদের দল, রেজা কিবরিয়ার নয়’ শিরোনামে ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, গণঅধিকার পরিষদ নূরুল হক নুর, রাশেদ খাঁন, ফারুক হাসান, হাসান মামুনদের ত্যাগ, সংগ্রাম আর সাহসে গড়ে ওঠা সংগঠন। এর উত্থান ও বিকাশে ড. রেজা কিবরিয়ার কোনো ভূমিকা নেই।
রেজা কিবরিয়ার গণফোরাম থেকে চলে আসার প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, তিনি (রেজা কিবরিয়া) কামাল হোসেনের দল থেকে চলে যেতে বাধ্য হয়ে অনেকটা নিঃসঙ্গ ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েন। এ অবস্থায় যে প্রত্যাশা থেকে, যে সম্মান দিয়ে দেশের তরুণ-যুবকদের নতুন দল গণঅধিকার পরিষদে তাকে সর্বোচ্চ পদে আসীন করা হয়েছিল, তিনি তা পূরণ করতে ব্যর্থ হন।
দলের প্রতি রেজা কিবরিয়ার উদাসীনতার কথা তুলে ধরে আসিফ নজরুল বলেন, আমি নিজে রেজা কিবরিয়াকে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অনেকক্ষণ অতিথিদের অপেক্ষমান রেখে দেরি করে আসতে দেখেছি। দলের সাধারণ কর্মী এমনকি নেতাদের সাথে তার দূরত্ব দেখেছি। কিছু টক-শো ও অনুষ্ঠানে তার অরাজনৈতিক ও ইমম্যাচিউরড কথাবার্তা শুনে হতাশ হয়েছি। গণঅধিকার পরিষদে তিনি আনফিট ছিলেন। গতকাল নুরের পরিবারের প্রসঙ্গ তুলে তিনি যে অহমিকা প্রকাশ করেছেন তা নীচু মনেরও পরিচায়ক। তার জায়গায় রাশেদ খাঁনকে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি করা সঠিক সিদ্ধান্ত।
রেজা কিবরিয়াকে নতুন দল গঠনের পরামর্শ দিয়ে আসিফ নজরুল লিখেছেন, রেজা কিবরিয়া, আপনি আত্মমর্যাদাবোধ নিয়ে নিজে নিজে একটা দল গড়ে তুলুন। প্রয়োজনে আপনার মতো বড় বড় পরিবারের সদস্যদের সাথে নিন। নুর-রাশেদদের রক্তে-ঘামে প্রতিষ্ঠিত দল, আখতার আর সিফাতের মতো আমার বহু ছাত্রের আত্মত্যাগে গড়ে ওঠা দল, গণঅধিকার পরিষদ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না আশা করি। আমি জানি কী নির্যাতন, কী নিপীড়ন সহ্য করে তারা আজকে এই জায়গায় এসেছে।
নুরদের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম নিয়ে তিনি বলেন, নুর-রা তাই বলে সমালোচনার ঊর্ধ্বে নয়। তাদের ভুলভ্রান্তি থাকতেই পারে। আশা করবো তারা সেগুলো নিজেরা আলোচনা করে দূর করতে পারবেন। দেশের হাজারো তরুণের স্বপ্নের দল গণঅধিকার পরিষদ। আশা করি, এটি পূরণে যে দায়িত্ববোধ, দক্ষতা আর দেশপ্রেম প্রয়োজন তা তারা দেখাতে পারবেন। গণঅধিকার পরিষদের জন্য শুভ কামনা।
বিইউ/এইউ