Dhaka Mail Logo

মতামত

কোনটা করবেন-ঈমানদারী নাকি কম্প্রোমাইজ?

২৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

গত রাতে ঢাকায় শীত বেশ জেঁকে বসেছিল। এতদিনকার এক পাতলা কাঁথা তার সঙ্গে পেরে উঠল না। মাঝরাতে ঘুম ভেঙে কমফোর্টারের খোঁজ পড়ল; সেটি আবার ব‍্যান্ডবক্সের ডেলিভারি তালিকায় ত্রিশ তারিখ। অগত্যা দ্বিতীয় কাঁথার শরণাপন্ন হতে হলো, সঙ্গে উপরি পাওনা কয়েকটি হাঁচি-কাশি। ঢাকায় শীতের এই বিলম্বিত আগমন ঘটলেও মফস্বলে তার আয়োজন বেশ আগে থেকেই জমজমাট। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.১ ডিগ্রি, শ্রীমঙ্গলে ১৪, আর ঢাকায় পারদ নেমেছিল ১৬.২ ডিগ্রিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহে আরও এক থেকে দুই ডিগ্রি নামতে পারে। অতএব লেপ, কম্বল, কাঁথা আর শীতের কাপড় ঝেড়ে-মুছে প্রস্তুত হওয়া দরকার। তবে বহুদিন আলমারিতে নির্বাসিত কাপড় সরাসরি গায়ে চাপানো ঠিক হবে না; ধুলোবালি ও মাইটের সংসার সেখানে বেশ ভালোই চলে। একটু ঝাড়পোঁছ, রোদে গরম করে নেওয়া-নইলে শীতের আমন্ত্রণে হাঁচি-কাশিরাও বিনা নিমন্ত্রণে হাজির হবে।

রাতে যাই ঘটুক, সকালে হেমন্তের মিঠে রোদে সাপ্তাহিক কর্মদিবসের পর্দা উঠতেই খবরের কাগজের পাতা যেন এক অদ্ভুত রঙ্গমঞ্চ সেজে বসেছে, যেখানে কৌতুক আর করুণ রসের মেলবন্ধন রীতিমতো দেখার মতো। চায়ের কাপে চুমুক দিতে গিয়ে পাঠক দেখছেন, দেশের আর্থিক খাতের লুকোচুরি খেলা ভাঙার এক সাহসী চেষ্টা। অর্থ উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, খেলাপি ঋণের পাহাড় আর জিডিপির মেদবহুল পরিসংখ্যান নিয়ে আর কোনো রাখঢাক চলবে না। বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট নামিয়ে সাত শতাংশে আনার দাওয়াইও দিয়েছেন তিনি। কিন্তু মজার ব্যাপার হলো, ভাঁড়ারে যখন এমন স্বচ্ছতার বাতাস বইছে, তখন রাজপথে পোশাকশ্রমিকদের ত্রিশ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি চলমান, যা সামাল দিতে সরকারকে নতুন মজুরি বোর্ডের পথে হাঁটতে হচ্ছে। রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার লাগাম টানতে নতুন নিয়মের বেড়াজাল আর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তোড়জোড় মিলিয়ে আমাদের নাগরিক জীবন যেন ঠিক সেই চিরচেনা কাবুলিওয়ালার ঝুলির মতো-ভেতরে কী আছে, তা খোলার আগে বোঝা দায়। 

অন্যদিকে দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, অগ্নিসংযোগ, বিস্ফোরণ এবং বাস, বিদ্যুৎকেন্দ্র, পুলিশের যানবাহন, রাজনৈতিক নেতাদের বাড়ি ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার খবর পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তুলেছে। নিষিদ্ধ দলের ঘোষিত রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার হচ্ছে। মাঝরাতে হঠাৎ রাস্তায় একটা ককটেলের ঠুস আওয়াজ করে পালিয়ে যাওয়া আয়োজকেরা কিন্তু নিরাপদে নেই, তাঁদের গোপন আস্তানার খবর ঘরের মানুষ কিংবা পাশের বাড়ি থেকে চলে যাচ্ছে বাহিনীর কাছে-অতঃপর ‘কট’! আজকের ব্রেকিং নিউজে ভুয়া জঙ্গি নাটকের নাট্যকার ও অভিযানের প্রণেতা পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী, চাকরিচ্যুত অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তাঁর দুই ভাইকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের আটকের খবর এসেছে। শায়লা ফারজানা দুর্নীতির মামলায় দুদকের তালিকাভুক্ত আসামি বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগের কথাও বলা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হওয়া বাকি। শায়লা ছিল ফ‍্যাসিস্ট হাসিনার “মায়াবতী” গ্রুপ, উইমেন নেটওয়ার্কের প্রাণভোমরা, তাকে আটক করলেন, অথচ বাকীদের এখনও সরকারের সচিব ও গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়ে রেখেছেন- এর কী জবাব দিবেন এইচআর মিনিস্ট্রি? মন্ত্রী বাহাদুরদের পাশের ঘর থেকেই যদি ইন্ধন যায়, তবে নাশকতা থামাবেন কি করে? তারা তো অনেকেই “আপা” আসবে অপেক্ষায় দুচক্ষের পাতা এক করতে পারছেন না! রাষ্ট্রের আইন সবার জন্য সমান হওয়া জরুরী। যারা চেয়ারের দায়িত্বে আছেন, তারা যদি “অফিসার পাচ্ছি না” অজুহাতে ফ্যাসিস্ট দিয়ে কাজ করাবো, “কিছু নিয়ে টিয়ে” বিস্তৃত মায়াবতী ও ফ‍্যাসিস্টদের পদোন্নতি দিয়ে ওঠাবো, এরাই কিন্তু কয়দিন পরে সচিব হওয়ার জন‍্য চাপাচাপি করে প্রাণ ওষ্ঠাগত করে তুলবে-এমন মনোভাব থেকে বেরিয়ে আসতে না পারলে রাস্তার ঠুসঠাস শব্দে রাতের ঘুম ভাঙা থেকে কিংবা ফের “জনতার মঞ্চ” থেকে নিস্তার পাবেন না। দায়িত্ব পেয়েছেন, তাই সত‍্যিকারের ঈমানদারী চাই। এটা হালকা করে দেখার কোনো বিষয় নয়। সব কিছু লক্ষ রাখা হচ্ছে-সাধু সাবধান 

চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে ড্রয়িংরুমের সোফা-সবখানেই এখন তর্কের তুফান, কে কার স্বার্থে কলকাঠি নাড়ছে। সামাজিক মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যকার সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে; অন্যদিকে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিওর দৌরাত্ম্যে আমজনতার আক্কেলগুড়ুম হওয়ার জোগাড়। সবচেয়ে বেশি আলোচনায় রাজীব গান্ধী হাসপাতালের হিমঘর-এর পারদটা এতই আকর্ষণীয় যে বড় বড় মানুষেরা, এমনকি গোয়েন্দা বাবুরাও শার্লক হোমস হয়ে রহস্যভেদে নেমেছেন। এখন অপেক্ষা, কে কখন সেই কথিত সত্যটি প্রমাণসহ হাজির করেন। ডিজিটাল দুনিয়ায় গুজবের ফানুস ওড়ানো সহজ, কিন্তু তার সুতো ধরে সত্যের নাগাল পাওয়া যে তত সহজ নয়, তা বোধহয় অনেকেরই মনে থাকে না। সামাজিক মাধ্যমের আরেক আলোচনায় মুশফিকুর রহিমের ১৫ নম্বর জার্সি অবসরে পাঠানোর উদ্যোগ এসেছে। ক্রিকেটের একটি সংখ্যা কখনো কখনো মানুষের স্মৃতির ঠিকানা হয়ে যায়। আবার আকাশে রকেটের ধাপ বিচ্ছিন্ন হওয়ার দৃশ্য প্রযুক্তি ও মহাকাশ নিয়ে কৌতূহল ছড়িয়েছে। মাটিতে আমরা কে কার সঙ্গে বিবাদে জড়াব, আর আকাশে কত দূর যাব-মানুষের দুই সাধই পাশাপাশি চলছে।

সম্পাদকীয় পাতায় ঘুরেফিরে আসছে ‘স্বার্থের দ্বন্দ্ব’, সংস্কারের বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নতুন কৌশলের কথা। কলমচিরা বেশ রসিয়েই লিখছেন, কেবল কাগুজে সংস্কার আর নীতিবাক্যে চিঁড়ে ভিজবে না; মানুষের মনে হারানো আস্থা ফিরিয়ে আনতে হলে কাজের কাজটিই সবার আগে সারতে হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়লেই সমস্যার সমাধান হয় না; সঞ্চালন, বিতরণ, স্মার্ট গ্রিড, অপচয় এবং সেবার মানের দিকেও নজর দিতে হবে। মেগাওয়াটের সংখ্যা বড় হতে পারে, কিন্তু মাঝরাতে পাখা বন্ধ হয়ে গেলে নাগরিকের শক্তি কতখানি অবশিষ্ট আছে, সেটি অন্য অঙ্ক। কর্মমুখী শিক্ষা ও দক্ষতা তৈরির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হচ্ছে। সার্টিফিকেট দিয়ে দেয়ালে জায়গা পাওয়া যায়, কর্মদক্ষতা দিয়ে জীবনে জায়গা করে নিতে হয়। কাগজে সংস্কারের নকশা সুন্দর হলেই বাড়ি দাঁড়িয়ে যায় না; ইট, বালি, শ্রমিক এবং কাজের তদারকিও চাই।

আমাদের এই ঘরোয়া পাঁচমিশালি খবরের বাইরে তাকালে দেখা যায়, বিশ্বব্রহ্মাণ্ডের হালহকিকতও খুব একটা সুবিধার নয়। ওমান উপসাগরে ইরানি বন্দরমুখী বাণিজ্যিক জাহাজ ‘প্যাসিফিক আর্চার’কে ঘিরে মার্কিন বাহিনীর গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। সমুদ্রপথে একটি জাহাজ তার গন্তব্যে যেতে চায়, কিন্তু রাষ্ট্রের সামরিক হিসাব তাকে কখনো কখনো এমন এক নাটকের চরিত্র বানিয়ে ফেলে, যার সংলাপ সে নিজেও জানে না। রাশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচ এলাকায় প্রায় পাঁচ মাত্রার কম্পন মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে; লস অ্যাঞ্জেলেসের সকালের কফির পেয়ালাও প্রকৃতির ধাক্কায় অস্থির হয়ে উঠেছিল। অন্যদিকে আফগানিস্তানে একটি স্কুলের কাছে বিস্ফোরণে হতাহত ও শিক্ষার্থীদের আহত হওয়ার খবর মনে করিয়ে দেয়, পৃথিবীর যাবতীয় যুদ্ধের সবচেয়ে অসহায় দর্শক শিশুরাই। আমরা দেশ ভাগ করি, সীমান্ত আঁকি, সামরিক শক্তির হিসাব রাখি; কিন্তু বিপদের মুহূর্তে মানুষ একইভাবে সন্তানের হাত ধরে নিরাপদ আশ্রয় খোঁজে। প্রকৃতি পদবি দেখে ভূমিকম্প পাঠায় না, আর বিস্ফোরণের শব্দ কোনো শিশুর কাছে রাজনীতির ব্যাখ্যা নিয়ে আসে না।

সব মিলিয়ে এই রবিবারের সকালটি আমাদের সামনে এক অদ্ভুত আয়না মেলে ধরেছে। চারদিকে এত হিসাব, এত তর্ক, এত আয়োজন। অথচ দিন শেষে মানুষ ঘর থেকে বেরোয় সামান্য স্বস্তি আর নিশ্চিন্ত জীবনের আশায়। শীতের রাতে দ্বিতীয় কাঁথার প্রয়োজন হতে পারে, কিন্তু জীবনের প্রতিটি রাতে যেন নিরাপত্তার জন্য নতুন কোনো আশ্রয় খুঁজতে না হয়। আকাশের মেঘ কেটে রোদ উঠুক আর না উঠুক, মনের ভেতরের কুয়াশাটা কাটলেই হয়তো সপ্তাহের পথচলাটা একটু সহজ হবে।

লেখক: সাবেক সিনিয়র সচিব।