ঢাকা মেইল ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
অত্যন্ত উদ্বেগজনক বিষয় এই যে, দেশে আগুন সন্ত্রাস ও সহিংসতা শুরু হয়েছে । পরিকল্পিতভাবে বা কখনও গুজবের ভিত্তিতে একটি গোষ্ঠী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়ার মত অপকর্মে লিপ্ত। শুধু মানুষের ঘরবাড়ি নয় ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের অফিস, গণপরিবহন, আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনা ও অফিস কিছুই বাদ যাচ্ছে না। এমনকি হাসপাতালেও হামলা চালিয়ে ক্ষতিসাধন করা হচ্ছে।
গণমাধ্যমের খবর অনুয়ায়ী, এখন পর্যন্ত বাস ট্রাকসহ প্রায় ১০০টি যানবাহনে অগ্নিসংযোগের খবর এসেছে। এক বাসচালক ও তার সহকারী জীবন্ত পুড়ে মারা গেছে। এক সপ্তাহে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচজন। পুলিশের কয়েকটি থানা পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। অথচ এটাই বাস্তবতা যে পুলিশ ছাড়া বর্তমান সমাজ বা রাষ্ট্র চলতে পারে না।
ঘরে আগুন লাগলে শুধু ইট-পাথর বা বাঁশখুঁটির স্থাপনা নষ্ট হয় না। পুড়ে যায় বছরের পর বছর তিল তিল করে গড়ে ওঠা সংসার, আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় কাগজপত্র ও বহু বছরের সঞ্চয় বা সারা জীবনের ধন।
অনেক অর্থ ব্যয় করেও এই ক্ষতি অনেক সময় পূরণ করা সম্ভব হয় না। একটি ঘরের সাথে জড়িয়ে থাকে একটি পরিবারের নিরাপত্তা, হাসি-কান্না, স্বপ্ন ও জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি। ঘর পুড়ে গেলে মানুষ নিরাপত্তাহীনতা বোধ করে, ভেঙে যায় স্বপ্ন, তৈরি হয় অনিশ্চিত ভবিষ্যতের ভয় ও মনস্তাত্ত্বিক আতঙ্ক। পোড়া ঘরে প্রশ্ন জাগে—আবার কোথা থেকে শুরু করবে জীবন।
একে অপরের ঘরে আগুন দেওয়ার বর্বরতা প্রাগৈতিহাসিক কালে বেশি বিদ্যমান ছিল। সে যুগে মানুষ কাঠ, খড় বা পাতার তৈরি ঘরে বাস করত। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর আক্রমণ করলে প্রথমেই তাদের বসতিতে আগুন ধরিয়ে দিত। আগুন ছিল প্রতিপক্ষকে বাস্তুচ্যুত ও দুর্বল করার সবচেয়ে কার্যকর উপায়।
প্রাচীন ইতিহাসের পাতায় অসংখ্য সমৃদ্ধ নগরী আগুনে পুড়িয়ে দেওয়ার নজির রয়েছে। মধ্যযুগে ভাইকিং এবং পরবর্তীতে চেঙ্গিস খানের মঙ্গোল বাহিনী যেকোনো জনপদ দখল করার পর লুটপাট চালিয়ে পুরো গ্রাম বা শহরে আগুন লাগিয়ে দিত।
ইউরোপ ও এশিয়ার সামন্ততান্ত্রিক সমাজে শক্তিশালী জমিদার বা শাসকরা বিদ্রোহী প্রজাদের শায়েস্তা করতে তাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষেতে আগুন দিত। ইউরোপীয় উপনিবেশবাদীরা আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার স্থানীয় আদিবাসীদের ভূমি দখল করার সময় তাদের গ্রামগুলো জ্বালিয়ে দিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে উভয় পক্ষই পোড়ামাটি নীতি (Scorched Earth Policy) গ্রহণ করে। সরাসরি মানুষের ঘরবাড়িতে আগুন ধরানোর জন্য ইনসেনডিয়ারি বোমা বা নাপাম বোমা ব্যবহার করা হয়। জার্মানির ড্রেসডেন, জাপানের টোকিও এবং লন্ডন শহর এভাবে আগুন লাগিয়ে লাখ লাখ সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছিল।
ভারত উপমহাদেশ বিভক্তির সময় সাম্প্রদায়িক দাঙ্গায় লাখ লাখ ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছিল। ১৯৭১ সালে পাক বাহিনী ও তাদের দোসররা অসংখ্য বাঙালিদের বাড়ি ঘরে আগুন দিয়ে ছিল।
১৯৯০-এর দশকে বসনিয়া ও রুয়ান্ডায় জাতিগত নিধনের অংশ হিসেবে নির্দিষ্ট গোষ্ঠীর গ্রাম ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী অভিযানের সময় শত শত রোহিঙ্গা গ্রাম ও হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দেয়। আর বর্তমান সময়ে ইসরায়েলের বাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘরে আগুন দেওয়া অব্যাহত রেখেছে।
বিগত কয়েক দশক ধরে আফ্রিকার বিভিন্ন দেশে জাতিগত নির্মূল অভিযানের প্রধান অস্ত্র হিসেবে ঘরবাড়িতে আগুন দেওয়ার এক দীর্ঘ ও রক্তাক্ত ইতিহাসে পরিণত হয়েছে। সুদান, রুয়ান্ডা, কঙ্গো, নাইজেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, বুরুন্ডি, লাইবেরিয়া এবং ইথিওপিয়ার মতো দেশগুলোতে প্রতিপক্ষকে এলাকাছাড়া করতে ও তাদের অস্তিত্ব মুছে ফেলতে পরিকল্পিতভাবে গ্রাম ও জনপদ পুড়িয়ে দেওয়ার কৌশল ব্যবহার করা হচ্ছে।
বর্তমান পৃথিবীর একটি দেশ বাংলাদেশে একে অপরের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও আগুন দেওয়া শুরু হয়েছে। আর এগুলো অন্যান্য দেশের মত কোন জাতিগত সংঘাত থেকে নয় বরং রাজনীতির নামে দেশ বিরোধী এক চক্রান্ত থেকে এই ধ্বংসযজ্ঞ চলছে।
বাংলাদেশের প্রায় ৯৮/৯৯ ভাগ মানুষ একই জনগোষ্ঠীর অর্থাৎ বাংলার মানুষ বা বাঙালি, আর জাতীয়তায় সবাই বাংলাদেশি। একই রক্ত, একই রকম চেহারা, একই ভাষাসংস্কৃতি, একই উৎপাদন ব্যবস্থা, জীবনপ্রণালী, খাদ্য-খাবার, পোশাক-পরিচ্ছদ ও একই আকাশের নিচে একই আবহাওয়ায় বসবাস। সকালে ঘুম থেকে উঠলেই একে অপরের মুখ দেখা। তারপরও এই আগুনের খেলা। আসলে আমরা কে কাকে ক্ষতি করছি এটাই এখন বড় প্রশ্ন?
সারা দেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস আদালতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। গ্রামীণ ব্যাংকের অনেক শাখা ও অফিসে আগুন দেওয়া হয়েছে বা ভাঙচুর চালানো হয়েছে। বর্তমানে গ্রামীণ ব্যাংকের সদস্য সংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি এবং এই ব্যাংকে রয়েছে তাদের আমানত। হাজার হাজার লোক কাজ করে জীবিকা নির্বাহ করে। তাছাড়া ব্যাংকটির ক্ষুদ্রঋণ ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক কোটি মানুষের জীবিকা নির্বাহ হয়। এমন অবস্থায় এমন একটি প্রতিষ্ঠানে আগুন দিয়ে বা ভাঙচুর করে ধ্বংস করলে দেশের হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে এবং লাখ লাখ পরিবারে দুর্দশা নেমে আসবে তাতে কোন সন্দেহ নেই।
একজনের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিলে ঐ ব্যক্তি একেবারে শেষ হয়ে যায়, পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়ে যায়। একই ভাবে কোন ব্যক্তির বা কোম্পানির গাড়িতে আগুন দিলে লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যায়, অনেক সময় সেই ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব হয়ে দাঁড়ায়। অথচ জানা যায়, দুই/এক হাজার টাকার বিনিময়ে এক শ্রেণির লোক এই আগুন লাগানোর কাজ করে থাকে।
এ বিষয়ে জনগণের সচেতন হওয়া বেশি প্রয়োজন। কেননা সরকারি যানবাহন ও স্থাপনা জনগণের ট্যাক্স দিয়ে কেনা ও তৈরি। তাই দিন শেষে ক্ষতিটা জনগণেরই হয়।
দেশের এমন বাস্তবতায় মোঘল সম্রাট আকবারের প্রধান উপদেষ্টা আবুল ফজল আল্লামির মন্তব্যটি উল্লেখ করা যেতে পারে। বাংলা অঞ্চলের মানুষ নিয়ে তার দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গি, তত্ত্ব, কাঠামোবদ্ধ বা দার্শনিক ধারণাটি এসেছিল ১৫৭৯ সালে। প্রায় ৫০০ বছর আগে আবুল ফজলের অবাক করা, বোমা ফাটানো অভিনব তত্ত্ব ও কথাগুলো যেন আজও বাংলার ক্ষেত্রে প্রযোজ্য।
বিচক্ষণ আবুল ফজল আগে তথ্য প্রমাণ সংগ্রহ করতেন এবং সবকিছুই একজন ভালো পর্যবেক্ষকের মতো যৌক্তিক চোখে দেখতেন ও তারপরই সেসব তথ্য তার গ্রন্থে যুক্ত করতেন। জানা যায় তিনি বাংলার অতীত অনেক তথ্য প্রমাণ ও ইতিহাস সংগ্রহ করেন এবং তা থেকেই থেকেই এই সিদ্ধান্ত ও ব্যাখ্যাই উপনীত হন।
আবুল ফজল আল্লামি লিখেছিলেন, বাংলা এমন একটি অঞ্চল, যেখানে আবহাওয়ার কারণে অসন্তোষের ধুলা সবসময় উড়তেই থাকে। মানুষের শয়তানিতে এখানকার পরিবার ও জনপদগুলো ধবংস হয়ে যায়। আবুল ফজলের মতে, স্নায়ু বিকলকারী আবহাওয়া মানুষকে কলুষিত করে ও কলুষিত মানুষ সার্বভৌম শাসন, জাতীয় স্বার্থ ও সবার জন্য মঙ্গলকর বিষয়গুলোকে ধবংস করে। যে কারণে বহিরাগতদের বদ্বীপতে শক্তিশালী হওয়ার পথ সুগম করে। “বাংলায় এমন পরিবেশ বিদ্যমান থাকে যেখানে কেউ গেলে বা যারা বসবাস করে স্বাভাবিকভাবে সবাই সক্রিয় হয়ে ওঠে এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য মরিয়া হয়ে ওঠে। স্থানীয়দের (বাঙালী) মধ্যে সহজে বিভেদ সৃষ্টি হয়। নিজেদের স্বার্থের বিষয়টি সবার কাছে প্রধান থাকে। ব্যক্তিস্বার্থের কারণে তারা সার্বভৌম শাসন ও জাতীয় স্বার্থের বিষয়সমূহ ধবংস করা তাদের কাছে কোন ব্যাপার না। যে কারণে তিনি লিখেছিলেন ‘এদেরকে স্বার্থ দেখিয়ে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি কর আর সুবিধা নাও’
অনেকের জানা, বাংলায় মোঘল শাসন হঠাৎ করে শুরু হয়নি। অনেক ঘাত –প্রতিঘাতের মধ্য দিয়ে তারা বাংলা শাসনের নিয়ন্ত্রণ নিয়ে ছিল। ১৫৭৪ সালে মোঘল বাহিনীর বাংলার রাজধানী টাণ্ডায় প্রবেশের ঘটনা ফয়সালা সূচক মনে হলেও বিষয়টি সম্পন্ন হতে প্রকৃত পক্ষে পৌনে একশ বছর লেগে যায়। ১৫৩৭ সালে এটি শুরু হয়ে ১৬১২ সাল পর্যন্ত চলে।
বিষয়টি লক্ষণীয় যে, মোঘলদের বাংলা বিজয় ও নিয়ন্ত্রণের পিছনে শুধু তরবারি, বারুদ, কামান বা সামরিক শক্তিই প্রধান ছিল না। স্থানীয় ও শত্রুদের মধ্যে বিভেদের বীজবপন, ঘুষ ও সুযোগসুবিধা প্রদান, কূটনীতি, ভয়ভীতি দেখানো ও মুলা ঝুলানো কৌশলের দিকে বেশি নজর ছিল।
বাংলার মানুষের অধপতনের এই অভিনব তত্ত্বটি ব্রিটিশ, ডাচ, পর্তুগিজ, ফরাসি সবাই জানত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ও পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশিক কর্মকর্তারা এই তত্ত্বটি জোরালোভাবে গ্রহণ করে ছিল। রবার্ট ক্লাইভ জেনেশুনে বা তত্ত্বটি ভালভাবে রপ্ত করে চক্রান্তের জাল বিস্তার করে ছিল। পরিবেশ সবই বিদ্যমান ছিল তিনি শুধু খেলাটা চালিয়ে গিয়েছিলেন। ক্লাইভ এই ব্যাপারে আত্নবিশ্বাসী ছিলেন যে চক্রান্তের ফল নিশ্চিত।
১৭৮৪ সালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল স্যার জন শোর বাঙালির চরিত্র নিয়ে একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন লন্ডনে। তার সেই পর্যবেক্ষণে বলা হয়েছিল, এদেশের মানুষের মধ্যে জনকল্যাণমূলক বা জাতীয় স্বার্থের মনোভাব খুবই কম। সামান্য সুবিধার আশায় অনর্গল মিথ্যে বলা থেকে অনেক কিছু করতে পারে।
জন শোরের প্রায় এক দশক পর ১৭৯২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান চার্লস গ্রান্ট তার ২০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে লেখেন যে, বাঙালির সর্বক্ষেত্রেই ব্যক্তি স্বার্থ থাকে প্রধান। তাদের মধ্যে রয়েছে একে অন্যের ক্ষতি করার এক সহজাত প্রবৃত্তি। পাকিস্তান আমলেও ব্যক্তিস্বার্থ, ষড়যন্ত্র আর চক্রান্ত অব্যাহত থাকে।
আশা করা হয়ে ছিল ১৯৭১ সালে স্বাধীনতার এদেশের মানুষ দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এই সুবিধাবাদী চরিত্র বদলানোর পরিবর্তে আরও চরম আকারে চর্চা শুরু করে। তাইতো গবেষক ও সৃজনশীল লেখক আহমদ ছফাকে লিখতে হয়েছিল ‘বাঙালি মুসলমানের মন’ নামে এক প্রবন্ধ।
রাষ্ট্র বিজ্ঞানের দৃষ্টিতে সন্ত্রাস, ভয়ভীতি, অগ্নিসংযোগ,বোমাবাজি ও নাশকতার পথ ধরে কোনো দল বা গোষ্ঠী রাজনীতিতে বা ক্ষমতায় ফিরে আসতে পারে না। বরং এগুলোর মাধ্যমে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়।
‘দ্য সোশ্যাল কন্ট্রাক্ট’ গ্রন্থে জ্যাঁ-জ্যাক রুশো লিখেছেন, জবরদস্তি ও ভয়ভীতি দেখিয়ে কখনো কোনো রাজনৈতিক অবস্থানের বৈধতা প্রতিষ্ঠা করা যায় না। নিজের দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া রাজনীতি নয়, বরং তা আত্মবিনাশের পথ। মহাত্মা গান্ধীও সহিংসতার রাজনীতিকে আত্মঘাতী বলে নিন্দা করেছিলেন।
কেউ যদি রাজনীতিতে ফিরে আসতে চায় তার জন্য প্রয়োজন ইতিবাচক সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য। মানুষের সামনে নতুন কর্মসূচি বা বার্তা নিয়ে হাজির হওয়া উচিত। সে সব না করে বা কোনো পথনির্দেশনা না দিয়েই শুধু ককটেল হামলা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কিছু অর্জন সম্ভব হবে কিনা সে বিষয় নিয়ে অনেকের প্রশ্ন আছে।
অনেকে আশা করেছিল, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘর গোছাতে ধৈর্য সহকারে সময় নেবে এবং ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের চেষ্টা করবে। তাদের শাসনামলের পরপর তিন তিনটি প্রহসনমূলক জাতীয় নির্বাচন, বিতর্কিত সব স্থানীয় সরকার নির্বাচন, ব্যাংক লুট, অনিয়ম, দুর্নীতি, দমন-পীড়ন, গুম, আয়নাঘরের বন্দিশালা এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায় স্বীকার করবে ও অনুশোচনা প্রকাশ করবে। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ এর গণ-অভ্যুত্থানের সময় ১৪০০ লোক নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগ ছাত্র, চাকরিপ্রত্যাশী, তরুণ ও শিশু-কিশোর। প্রতিটি মৃত্যই যেন এক একটা শোক গাঁথা। আহত প্রায় ৩০ হাজার মানুষ ক্ষত নিয়ে এখনও বেঁচে আছে। কিন্তু সেই প্রত্যাশা এখন অলীক প্রমাণিত হয়েছে। তারা বিষয়গুলো উড়ায়ে দিচ্ছে।
তাদের অনেকের ধারণা পরিকল্পিত বিশৃঙ্খলা ও অচলাবস্থা সৃষ্টি করতে পারলে ২০০৭ সালের মত এক-এগারোর আদলে আবারও সেনাসমর্থিত সরকার প্রতিষ্ঠিত হতে পারে এবং তারা পুনর্বাসিত হবে। তবে বর্তমান বাস্তবতায় সেটা কতটুকু সম্ভব সেটাও বিবেচনার বিষয়।
তুলনামূলক ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে দেখা যায়, পৃথিবীতে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তিগুলো খুব কমই রাজনীতিতে ফিরতে পেরেছে। অনেকে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নিলেও দীর্ঘস্থায়ীভাবে মূলধারার রাজনীতিতে আর ফিরতে পারেনি।
আবার ফিলিপাইনের মার্কোস পরিবার কিংবা থাইল্যান্ডের থাকসিন সিনাওয়াত্রা পরিবার রাজনৈতিক আন্দোলনে ক্ষমতাচ্যুত হলেও পরবর্তী সময়ে ফিরে আসতে পেরেছিল তবে তাদের প্রত্যাবর্তনের পেছনে দীর্ঘ আইনি লড়াই, রাজনৈতিক কৌশল এবং জনসমর্থন সংগঠনের ভূমিকা ছিল। দীর্ঘস্থায়ী সন্ত্রাস ও সহিংসতা নয়।
গণপরিবহন, সরকারি-বেসরকারি স্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন দল ও মতের মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেওয়া যদি অব্যাহত থাকে তাহলে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোও পাল্টা সন্ত্রাসের পথ বেছে নিতে পারে। আর এই প্রতিশোধমূলক সহিংসতা চলতে থাকলে বাংলাদেশ যে এক সময় অকার্যকর আর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি আধুনিক, সমৃদ্ধি ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের, আমাদের গন্তব্য হতে পারে না সুদান, রুয়ান্ডা, কঙ্গো ও বুরুন্ডির মত দেশ। আমাদের আরও ভেবে দেখা উচিত, এই রাষ্ট্র যদি টিকে থাকতে না পারে তাহলে কোথায় রাজনীতি হবে। চরিত্র বদলানোর পথ যে একেবারে বন্ধ এমনটাও নয়। প্রয়োজন শুধু সদিচ্ছার, বিদেশি ও ব্যক্তি স্বার্থের পরিবর্তে সার্বভৌম শাসন, সবার জন্য মঙ্গলকর ও জাতীয় স্বার্থকে প্রধান্য দেওয়া।
লেখক: গণমাধ্যমকর্মী