Dhaka Mail Logo

মতামত

ইতিহাসের আড়ালে বিস্মৃত রজব আলী খাঁ

২১ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম

ব্রিটিশবিরোধী সংগ্রামের ইতিহাসে অনেক বীর কিংবদন্তিতে পরিণত হয়েছে। তাদের সাহসিকতা ও আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। কিন্তু একই সংগ্রামে অসামান্য ভূমিকা রেখেও কেউ কেউ রয়ে গেছেন বিস্মৃতির আড়ালে। হাবিলদার রজব আলী খাঁ তেমনই এক সাহসী চরিত্র। 

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে চট্টগ্রামের মাটি থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া এই সৈনিকের নাম আজও ইতিহাসের মূলধারায় যথাযথভাবে আলোচিত নয়।

সিপাহী বিপ্লব ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। মঙ্গল পাণ্ডে, ঝাঁসির রানি লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি কিংবা বাহাদুর শাহ জাফরের মতো ব্যক্তিত্বদের নাম ইতিহাসে বিশেষভাবে আলোচিত হলেও বিদ্রোহের পূর্বাঞ্চলীয় অধ্যায়, বিশেষ করে চট্টগ্রামের সিপাহী বিদ্রোহ, তুলনামূলকভাবে অনেকটাই আড়ালে। অথচ এই বিদ্রোহের নেতৃত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে হাবিলদার রজব আলী খাঁর নাম।

১৮৫৭ সালের ১৮ নভেম্বর। তখন চট্টগ্রামে অবস্থান করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ৩৪তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির তিনটি কোম্পানি। রাত আনুমানিক ৯টার দিকে সৈন্যদের মধ্যে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহীরা অস্ত্রাগার ও সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নেন, সেনানিবাসের লাইন ও গোলাবারুদের গুদামে আগুন ধরিয়ে দেন, সরকারি কোষাগারের অর্থ নিয়ে যান এবং কারাগারের বন্দিদের মুক্ত করে দেন।

বিদ্রোহের ছয় দিন পর ১৮৫৭ সালের ২৪ নভেম্বর ৩৪তম রেজিমেন্টের কমান্ডিং কর্মকর্তা ক্যাপ্টেন পি এইচ কে ডিওয়াল ঊর্ধ্বতন সামরিক কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন পাঠান। ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, বিদ্রোহের সময় স্থানীয় পোশাকে থাকা এক ব্যক্তি সৈন্যদের সামনে দাঁড়িয়ে তাঁকে জানিয়ে দেন যে পুরো সৈন্যদল বিদ্রোহ করেছে এবং প্রয়োজনে সবাই মৃত্যুবরণ করতেও প্রস্তুত। তাকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক জামাদার ঠাকুর বক্সের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৪ নম্বর কোম্পানির হাবিলদার রজব আলী খাঁ বিদ্রোহী সৈন্যদলের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। অর্থাৎ বিদ্রোহের নেতৃত্বে তার ভূমিকার বিষয়টি সমসাময়িক ব্রিটিশ সামরিক কর্মকর্তার সরকারি প্রতিবেদনে উঠে এসেছে।

এই তথ্য ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রজব আলী খাঁর নেতৃত্বের বিষয়টি কেবল পরবর্তী সময়ের লোককথা বা জনশ্রুতির ওপর নির্ভরশীল নয়। ব্রিটিশ সামরিক কর্মকর্তার নিজের লেখা প্রতিবেদনেই তার নাম ও নেতৃত্বের উল্লেখ রয়েছে। ঔপনিবেশিক শাসকদের নথিতে একজন বিদ্রোহী সৈনিকের নেতৃত্বের স্বীকৃতি পাওয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল।

চট্টগ্রামের সেনানিবাসে বিদ্রোহের পর সৈন্যরা শহর ত্যাগ করে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হন। তাদের লক্ষ্য ছিল ত্রিপুরার পাহাড়ি ও জঙ্গলঘেরা পথ পেরিয়ে সিলেট অঞ্চলে প্রবেশ করা এবং সেখান থেকে কাছাড় হয়ে মণিপুরের দিকে এগিয়ে যাওয়া। দুর্গম পাহাড়ি পথ, বনাঞ্চল ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে তাদের এই যাত্রা ছিল অত্যন্ত কঠিন।

বিদ্রোহীদের গতিবিধির খবর পেয়ে ব্রিটিশ প্রশাসন তাদের প্রতিহত করার উদ্যোগ নেয়। সিলেট লাইট ইনফ্যান্ট্রির কমান্ড্যান্ট মেজর বাইংয়ের নেতৃত্বে একটি বাহিনী বিদ্রোহীদের অনুসরণ করে। শেষ পর্যন্ত ১৮৫৭ সালের ১৮ ডিসেম্বর সিলেট অঞ্চলের লাটুর মালেগড় পাহাড়ের কাছে দুই পক্ষের মধ্যে সম্মুখযুদ্ধ হয়। ইতিহাসে এই সংঘর্ষ মালেগড়ের যুদ্ধ বা লাটুর যুদ্ধ নামে পরিচিত।

আসামের শ্রীভূমি জেলা প্রশাসনের প্রকাশিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, সংঘর্ষের শুরুতেই মেজর বাইং নিহত হন। তার বাহিনীর আরও কয়েকজন সৈন্য হতাহত হন। অন্যদিকে বিদ্রোহী সৈন্যদের ২৬ জনের মরদেহ যুদ্ধক্ষেত্রে পড়ে ছিল বলে ওই বিবরণে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষের পর জীবিত বিদ্রোহীরা আশপাশের জঙ্গলে সরে যান।

মালেগড়ের এই সংঘর্ষ চট্টগ্রাম থেকে যাত্রা করা বিদ্রোহী সৈন্যদের প্রতিরোধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্রিটিশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধেও তারা আত্মসমর্পণ না করে প্রতিরোধ চালিয়ে গেছেন। 

রজব আলী খাঁর পরিণতি আজও ইতিহাসের একটি অমীমাংসিত প্রশ্ন। তিনি মালেগড়ের যুদ্ধে নিহত হয়েছিলেন, নাকি ব্রিটিশদের হাতে বন্দি হয়েছিলেন, নাকি অন্য কোথাও আশ্রয় নিয়েছিলেন—তার নিশ্চিত উত্তর মেলেনি। তার জীবনের শেষ অধ্যায় সম্পর্কে আজও অজানা। 

ব্রিটিশ সামরিক কর্মকর্তার সমসাময়িক প্রতিবেদনে রজব আলী খাঁর নাম ও নেতৃত্বের উল্লেখ থাকার পরও জাতীয় ইতিহাসের আলোচনায় তার উপস্থিতি অত্যন্ত সীমিত। অথচ ১৮৫৭ সালের চট্টগ্রাম বিদ্রোহ কেবল একটি আঞ্চলিক সামরিক অভ্যুত্থান ছিল না; এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে উপমহাদেশজুড়ে ছড়িয়ে পড়া প্রতিরোধেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

ইতিহাসের মূল্যায়ন শুধু পরিচিত বীরদের স্মরণে সীমাবদ্ধ থাকতে পারে না। বিস্মৃতির আড়ালে থেকে যাওয়া সাহসী মানুষদের অবদানও তুলে ধরা জরুরি। 

হাবিলদার রজব আলী খাঁ তেমনই এক নাম, যার নেতৃত্বের স্বীকৃতি রয়েছে ইতিহাসের দলিলে, অথচ পরিচিতি নেই জাতীয় ইতিহাসের মূল আলোচনায়। তাকে নিয়ে আরও গবেষণা, ঐতিহাসিক দলিল অনুসন্ধান এবং যথাযথ মূল্যায়ন সময়ের দাবি।

লেখক: গণমাধ্যম কর্মী।