১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস বিভাগের প্রভাষক ড. জেরোম টিলাকসিংহ দিবসটির প্রচলন করেন। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে দিবসটি পালিত হয়। ২০২৬ সালের প্রতিপাদ্য ‘The Future Is Everyone’—অর্থাৎ ‘ভবিষ্যৎ সবার’। পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার ও সমাজে অবদান, সামাজিক বৈষম্য এবং অধিকার নিয়ে সচেতনতা তৈরিই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।
আন্তর্জাতিক পুরুষ দিবস নারী দিবসের প্রতিদ্বন্দ্বী নয়। বরং নারী-পুরুষ উভয়ের মর্যাদা, অধিকার ও সমস্যাকে সমান গুরুত্ব সহকারে বিবেচনা করা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় পুরুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নটি এখনো যথেষ্ট গুরুত্ব পায় না। বিশেষ করে পারিবারিক নির্যাতন, মানসিক নিপীড়ন, মিথ্যা মামলা, ব্ল্যাকমেলিং এবং বিবাহবিচ্ছেদ-পরবর্তী সন্তানদের অভিভাবকত্ব নিয়ে বিরোধের ক্ষেত্রে পুরুষের সুরক্ষার বিষয়টি আলোচনার বাইরে থেকে যায়। যা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন থাকা যেমন জরুরি, তেমনি পুরুষের প্রতি নির্যাতন ও অন্যায়ের প্রতিকার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। মানবাধিকার নারী-পুরুষের জন্য আলাদা কোনো বিষয় নয়। সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমতা এবং ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। সুতরাং আইনের সুরক্ষা ও ন্যায়বিচারের প্রশ্নে লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের সুযোগ থাকা উচিত নয়।
পুরুষ কি নির্যাতনের শিকার হন না?
আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো, পুরুষ পরিবারের কর্তা, উপার্জনক্ষম এবং শারীরিকভাবে শক্তিশালী। তাই তিনি নির্যাতনের শিকার হতে পারেন না। কিন্তু বহু ক্ষেত্রে বাস্তবতা একেবারেই ভিন্ন। শারীরিক শক্তি থাকলেই কেউ মানসিক নির্যাতন, অপমান, ভয়ভীতি, ব্ল্যাকমেলিং কিংবা অর্থনৈতিক হয়রানি থেকে মুক্ত থাকেন- সবক্ষেত্রে বিষয়টি এমন নয়।
অনেক পুরুষ স্ত্রীর হাতে শারীরিক আঘাত, অপমান, হুমকি ও মানসিক নির্যাতনের শিকার হলেও সামাজিক লজ্জা, পারিবারিক সম্মান এবং লোকলজ্জার কারণে মুখ খুলতে চান না। সন্তানদের ভবিষ্যৎ, সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা কিংবা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে অনেকেই বছরের পর বছর নির্যাতন সহ্য করেন। তাঁদের অভিযোগ শোনার জন্য বিশেষায়িত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও সহজলভ্য সুরক্ষার সুযোগও সীমিত।
‘পুরুষ কাঁদে না’, ‘পুরুষ সবকিছু সহ্য করবে’, ‘পুরুষ মানেই শক্তিশালী’—এ ধরনের সামাজিক ধারণা পুরুষের মানসিক সংকটকে আরও আড়াল করে। পরিবার ও কর্মক্ষেত্রের দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা এবং আবেগ প্রকাশ করতে না পারার সংস্কৃতি অনেক পুরুষকে মানসিক চাপে রাখে। মানসিক স্বাস্থ্যসংকটকে দুর্বলতা মনে করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
আইনের সুরক্ষায় অসমতা কেন?
বাংলাদেশে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ রয়েছে। এ আইনে পারিবারিক সম্পর্কে নারী ও শিশুর সুরক্ষার জন্য বিভিন্ন প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু পারিবারিক সম্পর্কে নির্যাতনের শিকার প্রাপ্তবয়স্ক পুরুষ একই আইনের অধীনে সমপর্যায়ের সুরক্ষা পান না। অন্যদিকে, পুরুষদের জন্য প্রচলিত ফৌজদারি আইনে কিছু প্রতিকার থাকলেও পারিবারিক নির্যাতনের শিকার পুরুষের জন্য সমন্বিত বিশেষ সুরক্ষাব্যবস্থা নেই।
প্রশ্ন হচ্ছে, একজন পুরুষ যদি স্ত্রীর হাতে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন, তাহলে তিনি কোথায় যাবেন? তাঁর অভিযোগ গ্রহণ, নিরাপত্তা, আইনি সহায়তা ও মানসিক পরামর্শের জন্য কার্যকর ব্যবস্থা কতটা রয়েছে? নারী নির্যাতনের প্রতিকার নিশ্চিত করার পাশাপাশি এসব প্রশ্নেরও উত্তর প্রয়োজন।
মিথ্যা মামলা ও ব্ল্যাকমেলিংয়ের প্রতিকার চাই
দাম্পত্য জীবনে মতবিরোধ, সম্পত্তি, অর্থনৈতিক লেনদেন কিংবা বিবাহবিচ্ছেদ নিয়ে বিরোধ দেখা দিতে পারে। এসব বিরোধের আইনগত সমাধান রয়েছে। কিন্তু কোনো পক্ষ যদি প্রতিশোধ নেওয়া, অর্থ আদায় কিংবা প্রতিপক্ষকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে জেনেশুনে মিথ্যা অভিযোগ, জাল প্রমাণ বা মামলা ব্যবহার করে, তাহলে তা ভয়াবহ অন্যায়।
একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা হলেই সামাজিকভাবে তাঁকে অপরাধী মনে করার প্রবণতা রয়েছে। এতে তাঁর কর্মক্ষেত্র, ব্যবসা, সামাজিক সম্পর্ক ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। মামলা পরিচালনার ব্যয়, আদালতে হাজিরা এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়ার চাপও কম নয়।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়া আর অভিযোগটি ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রমাণিত হওয়া এক বিষয় নয়। শুধু খালাস পাওয়ার কারণে অভিযোগকারীকে মিথ্যা মামলাকারী বলা যায় না। কিন্তু তদন্ত বা বিচারিক প্রক্রিয়ায় জেনেশুনে মিথ্যা অভিযোগ, জাল প্রমাণ কিংবা ব্ল্যাকমেলিং প্রতিষ্ঠিত হলে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে হবে। দণ্ডবিধির ২১১ ধারায় মিথ্যা ফৌজদারি অভিযোগের শাস্তির বিধান রয়েছে। এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
সন্তানের অধিকার ও পিতার ভূমিকা
বিবাহবিচ্ছেদের পর সন্তানদের অভিভাবকত্ব ও দেখা-সাক্ষাৎ নিয়েও বিরোধ সৃষ্টি হয়। কোনো কোনো ক্ষেত্রে একজন অভিভাবক অন্যজনকে সন্তানের সঙ্গে দেখা করতে দেন না। আবার সন্তানদের সামনে অন্য অভিভাবকের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির অভিযোগও ওঠে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুর মানসিক বিকাশ।
সন্তানের প্রতি মায়ের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাবার দায়িত্ব ও সন্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অধিকারও গুরুত্বপূর্ণ। অভিভাবকত্ব নির্ধারণে শিশুর সর্বোত্তম স্বার্থই প্রধান বিবেচনা হওয়া উচিত। কোনো মা বা বাবা যেন সন্তানকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারেন, সে জন্য আদালতের নির্দেশ বাস্তবায়ন ও দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা প্রয়োজন।
কেমন আইনি সংস্কার প্রয়োজন?
পুরুষ নির্যাতনের প্রতিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন অথবা বিদ্যমান পারিবারিক সহিংসতা আইনের প্রয়োজনীয় সংশোধন বিবেচনা করা যেতে পারে। নারী-পুরুষ নির্বিশেষে পারিবারিক সম্পর্কে শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তির জন্য কার্যকর সুরক্ষা থাকা উচিত। অভিযোগ গ্রহণের কেন্দ্র, আইনি সহায়তা, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা দরকার।
একই সঙ্গে মিথ্যা মামলা, জাল প্রমাণ, প্রতারণা ও ব্ল্যাকমেলিংয়ের বিরুদ্ধে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে। তবে এ ধরনের আইনের অপব্যবহার করে যেন প্রকৃত নির্যাতনের শিকার নারীকে ভয় দেখানো বা অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা না যায়, সেটিও নিশ্চিত করতে হবে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রমাণভিত্তিক বিচার এবং অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের অধিকার—সবই সমানভাবে গুরুত্বপূর্ণ।
নারী নির্যাতনের বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। যৌতুক, পারিবারিক সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি ও বৈষম্য প্রতিরোধে নারীর সুরক্ষার আইন প্রয়োজনে সংশোধন করতে হবে। একই সঙ্গে পুরুষ নির্যাতনের অভিযোগকে তুচ্ছ, হাস্যকর ও অপ্রয়োজনীয় মনে করার মানসিকতা থেকেও বেরিয়ে আসতে হবে।
আজ আন্তর্জাতিক পুরুষ দিবসে আমাদের প্রত্যাশা, রাষ্ট্র ও সমাজ পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, নিরাপত্তা ও আইনি অধিকার নিয়েও গুরুত্বের সঙ্গে ভাববে। একজন নারী নির্যাতনের শিকার হলে যেমন তাঁর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব, তেমনি একজন পুরুষ নির্যাতনের শিকার হলেও তাঁর পাশে দাঁড়ানো উচিত।
আমরা নারী নির্যাতনের আইন বাতিল চাই না, বাস্তবতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী চাই। নারীর অধিকার খর্ব করতে চাই না, পুরুষের অধিকারও প্রতিষ্ঠিত দেখতে চাই। কোনো পক্ষের বিশেষ সুবিধা নয়, চাই সবার জন্য আইনের সমান সুরক্ষা।
ন্যায়বিচার কোনো লিঙ্গের একক অধিকার নয়। নির্যাতনের কোনো লিঙ্গ নেই, অন্যায়েরও কোনো পক্ষ নেই। ‘ভবিষ্যৎ সবার’—আন্তর্জাতিক পুরুষ দিবসের এই প্রতিপাদ্য তখনই অর্থবহ হবে, যখন নারী ও পুরুষ উভয়ের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রাষ্ট্র ও সমাজ সমান গুরুত্বে নিশ্চিত করবে।
লেখক: ইসলামী ফাইন্যান্স বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ ও রাষ্ট্রচিন্তক, ভূরাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকারকর্মী।