ঢাকা মেইল ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
পৃথিবীর প্রাণধারণের জন্য অপরিহার্য ৯টি প্রাকৃতিক ব্যবস্থার মধ্যে ৭টিই ইতোমধ্যে নিরাপদ সীমা অতিক্রম করেছে। সম্প্রতি পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের প্ল্যানেটারি বাউন্ডারিজ সায়েন্স ল্যাবের ৬০ জনের বেশি বিজ্ঞানীর তৈরি ‘২০২৬ প্ল্যানেটারি হেলথ চেক’ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নিরাপদ সীমা অতিক্রম করা সাতটি ক্ষেত্র হলো—জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের অখণ্ডতা, ভূমি ব্যবস্থার পরিবর্তন, মিঠাপানির পরিবর্তন, জৈব-রাসায়নিক প্রবাহ, কৃত্রিম রাসায়নিক ও প্লাস্টিকের মতো নতুন দূষণকারী উপাদান এবং সমুদ্রের অম্লতা বৃদ্ধি। অন্যদিকে, বাকি দুটি ক্ষেত্র হলো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ক্ষয় এবং বায়ুমণ্ডলে অ্যারোসলের উপস্থিতি।
পৃথিবী মানুষের একমাত্র পরিচিত বাসযোগ্য আবাস। কোটি কোটি বছর ধরে নানা প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে এই গ্রহে প্রাণের বিকাশ ঘটেছে। সমুদ্র, বনভূমি, নদী, পাহাড় ও জীববৈচিত্র্যের সমন্বয়ে গড়ে উঠেছে পৃথিবীর পরিবেশব্যবস্থা। বিজ্ঞানীদের মতে, আমাদের স্বপ্নের পৃথিবী প্রথম দিকে ছিল লাল অগ্নিগোলক, লক্ষ লক্ষ বছরের ঘটনার পরিক্রমায় এক সময় সাগর সৃষ্টি হয়ে ব্যাপকহারে জলজ উদ্ভিদ জন্মায় এবং এই সময় অক্সিজেন সৃষ্টি হওয়া শুরু করে। তখন পৃথিবীর রং ছিল সবুজ এরপর ঘটনার পরিক্রমায় প্রাণের উপযোগী নীল চেহারায় রুপ নেয়। আর এই গ্রহে রয়েছে মহামূল্যবান জীবনের অগণিত গল্প, ইতিহাস, সভ্যতা, কতকিছু। কিন্তু সবই এখন বিপদে।
বিজ্ঞানীদের ভাষায় বর্তমানে পৃথিবী আছে ‘অ্যানথ্রোপসিন এপো’ যুগে। অর্থাৎ এই নীল গ্রহ ভয়ঙ্কর এক দিকে যাচ্ছে। এ জন্য দায়ী মূলত মানবসৃষ্ট জলবায়ুর পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণায়ন। আর এমন দুঃসময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে তীব্র গোলযোগ, সংঘর্ষ ও যুদ্ধ বিদ্যমান, অর্থনৈতিক ব্যাপার, ব্যবসা-বাণিজ্য, ক্ষমতা, আধিপত্য, স্বার্থ ও ভোগ বিলাসে মত্ত মানুষ।
বিজ্ঞানী ও সচেতন মহলের বার বার হুঁশিয়ারি ও পীড়াপীড়িতে পৃথিবীর নেতারা জলবায়ু সম্মেলনে বসছে। কত আলোচনা, নথিপত্র, দলিল-দস্তাবেজ, আর কত প্রতিশ্রুতি! নীতিগত দড়ি-টানাটানি ও ঠেলাঠেলির শেষ নেই। এক দেশ সই করে তো অন্য দেশ করে না বা মানে না। একজন বলে অন্যরা আগে করুক তারপর আমরা করব। প্রতিবছর সম্মেলন যেন হয়ে ওঠে বিশ্ব নেতাদের ও কিছু মানুষের পিকনিক পার্টি। কাজের কাজ কিছুই হচ্ছে না।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে উষ্ণতা বেড়ে চলছে। সর্বত্রই গরমের বিভীষিকা! প্রতিটি গ্রীষ্ম হচ্ছে দীর্ঘায়িত ও সহ্যাতীত। মানছে না কোন ক্যালেন্ডার।
জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থার মতে, ২০০০ সালের পর থেকে প্রতি বছর তাপমাত্রা চরমভাবে বৃদ্ধি অব্যাহত আছে। তীব্র তাপপ্রবাহে পুড়ছে গ্রাম, শহরসহ প্রতিটি জনপদ। ৪৬/৪৭ ডিগ্রি সেলসিয়াস এখন ভারতের বিভিন্ন অঞ্চলের নিয়মিত তাপমাত্রা। পাকিস্তানের বিভিন্ন এলাকাও তাপে পুড়ে ছারখার হওয়া শুরু করেছে। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন ও মিয়ানমারের তাপমাত্রা ৫০/৫২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে।
২০২৪ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ববর্তী সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়েছিল। এটি প্যারিস জলবায়ু চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সীমা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নাসার তথ্য অনুযায়ী, ১৮৮০ সাল থেকে তাপমাত্রার হিসাব সংরক্ষণ শুরুর পর ২০২৪ সাল ছিল উষ্ণতম বছর।
সম্প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালও রেকর্ডের উষ্ণতম বছরগুলোর একটি হতে যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের গড় তাপমাত্রার চেয়ে প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২০২৭ সালেও আরেকটি রেকর্ডভাঙা বছরের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে হিমবাহের বার্ষিক বরফ গলার পরিমাণ ছিল প্রতি সেকেন্ডে পাঁচটি অলিম্পিক আকারের সুইমিং পুল পানিতে পূর্ণ করার সমপরিমাণ।
উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর ওপর এই পরিবেশ বিপর্যয়ের প্রভাব সবচেয়ে বেশি ভয়ংকর। বড় ধরনের প্রভাব পড়েছে বাংলাদেশেও। পৃথিবীর মোট গ্রিনহাউস গ্যাসের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশের কম নিঃসরিত হয় বাংলাদেশে। অথচ দুর্ভাগ্যজনকভাবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ।
ক্রমশ প্রখর থেকে প্রখরতর হচ্ছে প্রতিটি গ্রীষ্ম। কংক্রিটের আধিক্যে প্রচণ্ড গরমে ঢাকা শহর যেন গনগন করে। এই হারে বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ গ্রীষ্মকালে দেশের সার্বিক গড় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা চরম পরিস্থিতি বলে ধরা হয়।
গবেষকদের মতে, এসবের মূল কারণ, নানান উৎস থেকে বাতাসে মিশে যাওয়া কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া। কয়লা এবং পেট্রলিয়ামের মতো জীবাশ্ম-জ্বালানি পোড়ানোর কারণে এই গ্যাসগুলির নিঃসরণ বেড়ে যাচ্ছে। পাশাপাশি অতি আধুনিকতা ও উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষনিধন, বনভূমি উজাড়, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার, শিল্প-কলকারখানার বর্জ্য, গাড়ির বিষাক্ত ধোঁয়া, অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ, ইটের ভাটা নির্মাণ প্রভৃতি কারণে সমস্যা বেড়ে চলেছে।
গাছ বাতাস থেকে বিপুল পরিমাণ ক্ষতিকর কার্বন-ডাইঅক্সাইড গ্যাস শুষে নিয়ে অক্সিজেন ফিরিয়ে দেয় প্রকৃতিতে। যাকে বলা হয় ফটোসিন্থেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়া। এর জন্য গাছের প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড, পানি ও সূর্যালোক। তবে, তাপমাত্রা ১১৬ ডিগ্রি ফারেনহাইট বা ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে সালোকসংশ্লেষ পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। ফলে মরছে গাছ, কমছে সবুজায়ন। আবার একইভাবে বাড়ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ও উষ্ণায়ন। বিশ্ব যেন এক চক্রে পড়েছে।
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন ‘কপ’ নামে পরিচিত। এর পূর্ণরূপ ‘কনফারেন্স অব পার্টিস’। ১৯৯২ সালে জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’ চুক্তিতে স্বাক্ষরকারী প্রায় ২০০ দেশ কপের সদস্য।
১৯৯৫ সাল থেকে প্রতিবছর (কপ-১, জার্মানির বার্লিনে) সদস্যদেশগুলোর প্রতিনিধিরা সম্মেলন করে আসছে। শুরুতে সদস্য দেশগুলোর প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা যোগ দিত। তবে স্বার্থের কারণে বড় অর্থনীতি এবং সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশের শীর্ষস্থানীয় নেতারা এখন উপস্থিত থাকে না। প্রতি বছরই জলবায়ু সম্মেলন শুরু হয় আশা জাগায়, অথচ শেষ পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর মেলে না।
উল্লেখযোগ্য সম্মেলনের মধ্যে ছিল ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে কপ-৩ সম্মেলন। যোগদানকারী দেশগুলো একটি চুক্তি স্বাক্ষর করে যেটাকে কিয়োটো প্রোটোকল বলা হয়। চুক্তি অনুযায়ী, জলবায়ু-সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নে উন্নয়নশীল দেশগুলোর যে খরচ হবে, তার পুরো দায়ই বহন করবে উন্নত বিশ্ব।
আরও একটি গুরুত্বপূর্ণ কপ-২১ সম্মেলন ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়। ১৯৬টি অংশগ্রহণকারী দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করে যা প্যারিস চুক্তি নামে পরিচিত। চুক্তি অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলি শিল্পবিপ্লব-পূর্ববর্তী যুগের তুলনায় তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রির নীচে আটকে রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। এই চুক্তিতে ১৮৫০-১৯০০ সালকে ভিত্তি হিসাবে ধরা হয়। আরও বলা হয়েছিল যে ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রায় ৪৩% কমাতে হবে এবং ২০৫০ সালের মধ্যে নেট-শূন্য কার্বন নির্গমন অর্জন। উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য লড়াই করতে উন্নত দেশগুলোর বছরে ১০ কোটি ডলার অর্থসাহায্য দেওয়ার বিষয়টিও নির্দিষ্ট হয়েছিল।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ২০২৪ সালেই বৈশ্বিক গড় তাপমাত্রা বিপদসীমা অতিক্রম করে। যাকে রাষ্ট্রপুঞ্জ বলছে ‘ক্লাইমেট ব্রেকডাউন’। এমন অবস্থার মধ্যে ২০২৪ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে হল কপ-২৯ সম্মেলন, যাকে বলা হয় ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
তীব্র বাদানুবাদ ও দর কষাকষির পর উন্নয়নশীল দেশগুলোকে ৩০ হাজার কোটি মার্কিন ডলার (৩০০ বিলিয়ন ডলার) দেয়ার অঙ্গীকার করে ধনী দেশগুলো। ২০৩৫ সাল পর্যন্ত এ অর্থ দেওয়া হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছে এই অর্থ প্রকৃত প্রয়োজনের তুলনায় যৎসামান্য।
বাকু সম্মেলনের বড় দুর্বলতা হচ্ছে, এই ত্রিশ হাজার কোটি ডলারের কত অংশ সরকারি আর কত অংশ বেসরকারি খাত থেকে আসাবে, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের অনুমান, উন্নত দেশগুলো বেসরকারি খাতের ঘাড়ে চাপাতে চায়। তবে, বেসরকারি খাতগুলো এসব ব্যাপারে বিশেষ আগ্রহী থাকে না, কারণ এতে লাভের মাত্রা কম। অন্য দিকে, বেসরকারি অর্থ আসে ঋণ হিসাবে, অনুদান হিসাবে নয়। উচ্চ সুদের হার ও কড়া শর্তাবলির কারণে ঋণের জালে বন্দি হয় দরিদ্র দেশগুলো। তাছাড়া, দেখা গেছে পূর্বের অধিকাংশ জলবায়ু তহবিল ও সাহায্যের অধিকাংশই এসেছে ঋণের মোড়কে।
অভিযোগ রয়েছে, বাকু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে যে চুক্তি হয়েছে তার ভাষা খুবই দুর্বল। উন্নত দেশগুলো কিয়োটো প্রোটোকলের উল্লিখিত ‘ঐতিহাসিক দায়’ থেকে সরে আসতে চায়। এমনকি প্যারিস চুক্তির অঙ্গীকারও ধুয়েমুছে সাফ করতে চায়। বাকু সম্মেলনে শিল্পোন্নত দেশগুলো বেসরকারি বিনিয়োগের পাশাপাশি উন্নয়নশীল দেশ গুলোকেও আহ্বান জানানো হয়েছে স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য। বড় প্যাঁচটা এইখানেই। এত দিন যা ছিল তাদের একক ‘দায়িত্ব’।
২০২৫ সালের ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ব্রাজিলের বেলেম শহরে বসে ছিল ৩০তম আসর। বেলেম জলবায়ু সম্মেলনের স্লোগান ছিল‘বৈশ্বিক মুটিরাও’ বা সম্মিলিত প্রচেষ্টা। এই সম্মেলনও নীতিগত দড়ি-টানাটানি ও ঠেলাঠেলির মধ্যে শেষ হয়।
৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) তুরস্কের আন্তালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন থেকে কোনো দেশ চেক বা কোন অর্থ সরাসরি হাতে পাবে না। তবে জলবায়ু পরিবর্তনের শিকার ঝুঁকিপূর্ণ ও উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন, অভিযোজন (adaptation) এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায় ও নিয়ম চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা হবে। চলবে দর-কষাকষি এর পর আসবে সিদ্ধান্ত, নিয়ম আর মাপকাঠি, যার ভিত্তিতে পরের বছরগুলোতে টাকা চলাচল করবে।
১১ ও ১২ নভেম্বর এই দুই দিনে বিভিন্ন দেশের নেতারা সম্মেলনে অংশ নেন এবং তাদের দাবি ও অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তাছাড়া তারেক রহমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার দাবি করেন। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায়ও সহায়তা দেওয়ার আহবান জানান।
ছোট দ্বীপরাষ্ট্রগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দ্রুত কমানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে, বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর একটি প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছেন ইউরোপীয় নেতারা। উন্নয়নশীল দেশগুলো ধনী দেশগুলোর কাছ থেকে আরও অর্থায়নের দাবি জানিয়েছে। অন্যদিকে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো তেল, গ্যাস ও কয়লার ব্যবহার অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত তিনটি দশকে এটাই স্পষ্ট, উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। ২০২৪ সালের শেষে দেখা গেছে, পূর্বের প্রতিশ্রুত অর্থের কুড়ি শতাংশও তহবিলে জমা পড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতির মাত্র ১৩.৬% দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে দু’লক্ষ কোটি ডলারেরও বেশি, কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে দিয়েছে মাত্র ১.৭৬ কোটি ডলার।
এদিকে, বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ বাড়ছেই। কপ২৯ জলবায়ু সম্মেলনে প্রকাশিত গ্লোবাল কার্বন বাজেট রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে মোট কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ৪১ দশমিক ৬ বিলিয়ন মেট্রিক টনে পৌঁছায়, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১ বিলিয়ন বেশি। চীন ও ভারতের মত দেশে নিঃসরণ বেড়েই চলেছে।
২০১৭ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ সমূহের মধ্যে রয়েছে। চীন ২৭.২ ভাগ, রাশিয়া ৪.৭ ভাগ, ভারত ৬.৮ ভাগ, জাপান ৩.৩ ভাগ, যুক্তরাষ্ট্র ১৪.৬ ভাগ, জার্মানি ২.২ ভাগ ও অনন্যা বিশ্ব ১৫.৮ ভাগ।
বর্তমান সময়ে উন্নত দেশগুলো দুষছে চীন ও ভারতকে, আর তারা দুষছে উন্নত দেশগুলোকে। চীন-ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য- তাদের শিল্পায়নের ইতিহাস ৫০-৬০ বছরের আর উন্নত দেশগুলোর কয়েক শ’ বছরের। শিল্পবিপ্লবের মাধ্যমে পরিবেশের ‘১২টা বাজিয়ে’ উন্নয়ন করার পর এখন তারা বড়বড় কথা বলছে। অতএব, পরিবেশ বিপর্যয়ের দায় তাদেরই অধিক নিতে হবে।
আমরা সবাই বলছি জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণের জন্য আরও সক্রিয় হতে হবে ও জীবনযাত্রায়ও পরিবর্তন আনতে হবে। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে আমরা সবাই বলছি ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’। কিন্তু কে লাগাবে আর কে বাঁচাবে সেটা একটা প্রশ্নের বিষয়। পলিথিন খুবই ক্ষতিকর এবং আমরা সবাই পলিথিনের বিপক্ষে কথা বলি; অথচ দেশে পলিথিন উৎপাদন হচ্ছে এবং আমরা সবাই ব্যবহার করছি। জ্বালানি তেল ও গ্যাস কী জিনিস ইরান যুদ্ধের সময় বিশ্ববাসী হাড়ে হাড়ে টের পেয়েছে। এগুলো ছাড়া বর্তমান বিশ্ব যেমন অচল আবার এগুলো পৃথিবীকে হত্যা করে চলেছে।
জলবায়ুর এই পরিবর্তন এখন আর ভবিষ্যদ্বাণী নয়, বাস্তবতা। পৃথিবী নিজে নিজে মারা যাচ্ছে না। একে হত্যা করা হচ্ছে। চাইলেই হঠাৎ করে বা রাতারাতি উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তবে কাজ করলে, পদক্ষেপ নিলে সবই ব্যর্থ হবে এমনও নয়। খ্রিস্টপূর্ব ৪৫০-এ গ্রিক দার্শনিক জেনো বলেছিলেন, “জীবনের লক্ষ্যই হল প্রকৃতির সঙ্গে চুক্তি করে জীবনযাপন করা। যেমনটা সম্ভব করেছে ভুটান, পানামা, সুরিনাম ও মাদাগাস্কার। এই চার দেশে যতটুকু কার্বন নিঃসরণ হয়, তা দূষণমাত্রার চেয়ে খুবই কম।
বিজ্ঞানী স্টিফেন হকিং এর ভবিষ্যৎ বাণী আছে উষ্ণায়নের কারণে আগামী ৬০০ বছরের মধ্যে পৃথিবীতে কোন প্রাণ ও উদ্ভিদ টিকে থাকতে পারবে না। এটি একটি বিরান গ্রহে পরিণত হবে। তিনি বিশ্বাস করতেন, মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনা না গেলে, পৃথিবী ‘একটি বিশাল আগুনের গোলা’ হয়ে যেতে পারে।
এমন বাস্তবতায় সবার প্রত্যাশা কপ৩১ সম্মেলন যেন পিকনিক পার্টিতে পরিণত না হয়ে পৃথিবীকে রক্ষার জন্য সবাই গ্রহণযোগ্য কিছু সিধান্তে পৌঁছাতে পারে। বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে পর্যাপ্ত অর্থ নিশ্চিত করা, অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানো, অভিযোজনের জন্য আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অ-অর্থনৈতিক ক্ষতির স্বীকৃতি এবং পরিচ্ছন্ন জ্বালানিতে ন্যায্য রূপান্তরের ব্যবস্থা করা।
লেখক: গণমাধ্যমকর্মী