Dhaka Mail Logo

অফবিট

সাজগোজ: বিউটি ব্লগ থেকে সফল ই-কমার্স হয়ে ওঠার পেছনের গল্প

ফিচার প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

বাংলাদেশে একসময় অনেক নারীর জন্য বিউটি প্রোডাক্ট কেনা ছিল বেশ অনিশ্চয়তার বিষয়। নিজের ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশনের শেড খুঁজে পাওয়া কিংবা কোনো প্রোডাক্ট আসল কি না, তা জানতে অনেককেই নির্ভর করতে হতো বন্ধু, পরিবারের সদস্য বা দোকানদারের পরামর্শের ওপর। আবার অনেক সময় নিজের ধারণার ওপর ভিত্তি করেই প্রোডাক্ট কিনতে হতো। বাজারে বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও সেগুলো সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ ছিল না। বিশেষ করে যারা প্রথমবারের মতো মেকআপ শুরু কিংবা নতুন করে স্কিন কেয়ার শুরু করতেন, তাদের জন্য বিষয়টি ছিল আরও কঠিন।

কারণ, তখন বাংলাদেশে অনলাইন কেনাকাটা কেবল জনপ্রিয় হতে শুরু করেছে তাই বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও সেগুলো সম্পর্কে সঠিক পরামর্শ পাওয়ার সুযোগ ছিল সীমিত। তাই কাস্টমারদের প্রয়োজন ছিল এমন একটি জায়গার, যেখানে শুধু প্রোডাক্ট কেনাই নয়, বরং প্রোডাক্ট সম্পর্কে জানা, প্রশ্ন করা এবং নিশ্চিন্তে নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ থাকবে। অথচ তখন এসব সাধারণ প্রশ্নের সহজ উত্তর দেওয়ার মতো প্ল্যাটফর্ম খুব বেশি ছিল না।

আর ঠিক এমন সময়েই, ২০১৩ সালে যাত্রা শুরু করে সাজগোজ। মজার বিষয় হলো, শুরুতে এটি কোনো অনলাইন বিউটি শপ ছিল না। বরং এর প্রতিষ্ঠাতা নাজমুল শেখ, সিনথিয়া শারমিন ইসলাম ও মিলকী মাহমুদ একটি সহজ ভাবনা নিয়ে কাজ শুরু করেন। তারা এমন একটি বিউটি ব্লগ তৈরি করেন, যেখানে ত্বকের যত্ন, মেকআপের কৌশল, বিভিন্ন প্রোডাক্টের রিভিউসহ স্কিন কেয়ারের নানা প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হতো।

শুরু থেকেই সাজগোজের লক্ষ্য ছিল শুধু প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহ তৈরি করা নয়, বরং মানুষকে নিজের প্রয়োজন সম্পর্কে বুঝতে সাহায্য করা। ত্বকের ধরন অনুযায়ী যত্ন নেওয়া থেকে শুরু করে কোন প্রোডাক্ট কীভাবে কাজ করে, এমন নানা বিষয়ে তথ্য দিয়ে ধীরে ধীরে স্কিন কেয়ারে আগ্রহীদের কাছে পরিচিত হয়ে ওঠে সাজগোজ। সময়ের সঙ্গে প্ল্যাটফর্মটির রিডার ও ফলোয়ারও বাড়তে থাকে। তবে একপর্যায়ে এর প্রতিষ্ঠাতারা বুঝতে পারেন, শুধু তথ্য দেওয়াই যথেষ্ট নয়, কাস্টমারদের কাছে আসল প্রোডাক্ট সহজে পৌঁছে দেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এই ভাবনা থেকেই ২০১৫ সালে ঢাকার যমুনা ফিউচার পার্কে প্রথমবারের মতো সাজগোজের অফলাইন শপ চালু হয়। এর মাধ্যমে কাস্টমাররা অনলাইনে প্রোডাক্ট সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি সেগুলো দেখার, বিউটি কনসালট্যান্টদের সাথে আলোচনা এবং নিজের প্রয়োজন অনুযায়ী পছন্দের প্রোডাক্ট বেছে নেওয়ার সুযোগ পান। তবে অফলাইন শপ চালুর পরও দেশের সকল মানুষের কাছে পৌঁছানো তখনও একটি বড় চ্যালেঞ্জ ছিল। কারণ, সে সময় বাংলাদেশে অনলাইন কেনাকাটার ইকোসিস্টেম, লজিস্টিকস সাপোর্ট পুরোপুরি গড়ে ওঠেনি। বিশেষ করে ঢাকার বাইরের মানুষের জন্য অনেক বিউটি প্রোডাক্ট সহজে পাওয়ার সুযোগ ছিল সীমিত।

এই সীমাবদ্ধতা কাটিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যেই ২০১৮ সালের অক্টোবরে সাজগোজ তাদের প্রথম ই-কমার্স প্ল্যাটফর্ম shop.shajgoj.com চালু করে। যার শুরু হয়েছিল শুধু স্কিন কেয়ারের বিভিন্ন তথ্য জানানো দিয়ে, সেটিই ধীরে ধীরে হয়ে ওঠে প্রোডাক্ট কেনাকাটার একটি মাধ্যম। এর ফলে কাস্টমাররা ঘরে বসেই বিভিন্ন প্রোডাক্ট দেখতে, সেগুলোর উপকারিতা সম্পর্কে জানতে এবং একই সঙ্গে অর্ডারও করতে পারেন। এভাবেই বিউটি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ চাহিদা এক জায়গায় পূরণের সুযোগ তৈরি হয়। একটি হলো প্রোডাক্ট সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া, অন্যটি আসল প্রোডাক্ট কেনার সুযোগ।

বর্তমানে সাজগোজে ১,২০০টির বেশি ব্র্যান্ডের ২০ হাজারেরও বেশি প্রোডাক্ট রয়েছে। ফলে কাস্টমাররা এখন নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেছে নিতে পারছেন। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে সাজগোজের আটটি অফলাইন শপও রয়েছে। 

তবে সাজগোজের এই পথচলা শুধু প্রোডাক্টের সংখ্যা কিংবা শপের সংখ্যা বাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে মানুষের স্কিন কেয়ারের অভ্যাসেও পরিবর্তন এসেছে। আগে যেখানে অনেকেই অন্যের পরামর্শের ওপর নির্ভর করতেন, সেখানে এখন প্রত্যেকের নিজের ত্বক সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে। কোন প্রোডাক্ট কোন ত্বকের জন্য উপযোগী কিংবা সেটি কীভাবে ব্যবহার করতে হবে, এসব বিষয়ে মানুষ এখন আরও সচেতন হয়ে উঠেছে।

এ বছর সাজগোজের ই-কমার্স যাত্রার আট বছর পূর্ণ হয়েছে। তবে এই পথচলার গল্প শুধু একটি অনলাইন প্ল্যাটফর্মের বেড়ে ওঠার নয়, বরং সেই সব মানুষেরও, যারা সময়ের সঙ্গে নিজেদের স্কিন কেয়ারের অভ্যাস ও পছন্দকে নতুনভাবে গড়ে তুলেছেন। একটি বিউটি ব্লগ হিসেবে যাত্রা শুরু করা সাজগোজ পরবর্তী সময়ে প্রোডাক্ট বিক্রি শুরু করলেও কাস্টমারদের সঠিক তথ্য দিয়ে সচেতন করার বিষয়টিকে সব সময় গুরুত্ব দিয়েছে। কারণ, সাজগোজ মনে করে, সঠিক তথ্য জানা থাকলে কাস্টমাররা নিজের ত্বক, বাজেট ও পছন্দ অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন। আর এই আস্থাই তাদের বারবার ফিরে আসতে উৎসাহিত করে। সাজগোজের বিশ্বাস, প্রত্যেক মানুষই নিজের আদর্শ হতে পারেন। তাই এই আট বছরের পথচলার প্রকৃত হিরো হলেন সাজগোজের কাস্টমাররাই, যাদের প্রত্যেকেই এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

এজেড