ফিচার প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে। ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং, টিকিট সংগ্রহ থেকে শুরু করে হোটেলের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা—সব ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে আধুনিক ডিজিটাল সেবা। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিনির্ভর পর্যটন সেবা ও আধুনিক হোটেল ব্যবস্থাপনার চমৎকার সমন্বয় নিয়ে কাজ শুরু করেছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম।
ভ্রমণকারীদের সহজে হোটেল ও আবাসন খুঁজে পাওয়া এবং অনলাইনে দ্রুত বুকিংয়ের সুবিধা দেওয়ার পাশাপাশি হোটেল ও রিসোর্টগুলোর ডিজিটাল উপস্থিতি বাড়াতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটনকেন্দ্রের হোটেল, রিসোর্ট ও আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা বুকিং সেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসছে।

অনলাইন প্ল্যাটফর্ম গোএনস্টে ডটকমের মূল লক্ষ্য হলো ভ্রমণকারী এবং হোটেল কর্তৃপক্ষের মধ্যে একটি কার্যকর সেতু তৈরি করা। বর্তমানে পর্যটকেরা দ্রুত, নির্ভরযোগ্য ও সহজ বুকিং সেবা প্রত্যাশা করেন। অন্যদিকে হোটেল ও রিসোর্টগুলোও অনলাইনে নিজেদের সেবা তুলে ধরে নতুন গ্রাহকের কাছে পৌঁছাতে চায়। এই চাহিদা মেটাতে অনলাইন বুকিং সুবিধার পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সেবাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনছে প্রতিষ্ঠানটি। এছাড়া অনলাইন বুকিংয়ের পাশাপাশি হোটেল ও রিসোর্টের ভেতরের পরিচালন ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করতে 'গোএনস্টে হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার' নিয়ে এসেছে তারা। এই সফটওয়্যারের মাধ্যমে ঘরের ইনভেন্টরি, বুকিং ও রিজার্ভেশন, ফ্রন্ট ডেস্কের কাজ, পেমেন্ট ও ইনভয়েস এবং বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন খুব সহজে পরিচালনা করা যাবে। যেসব হোটেল এখনও মান্ধাতা আমলের প্রচলিত পদ্ধতিতে চলছে, তারা এর সাহায্যে সহজেই নিজেদের আধুনিক ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করতে পারবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। তাদের লক্ষ্য শুধু একটি অনলাইন বুকিং প্ল্যাটফর্ম তৈরি করা নয়, বরং পর্যটক, হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি ও করপোরেট গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তোলা। একজন ভ্রমণকারী যেন খুব সহজেই নিজের পছন্দের হোটেল খুঁজে নিয়ে সুবিধাজনকভাবে বুকিং করতে পারেন, সে ব্যবস্থা করার পাশাপাশি দেশের হোটেল ও রিসোর্টগুলোকে প্রযুক্তির সহায়তায় ব্যবসার নতুন সুযোগ তৈরি করে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। সঠিক প্রযুক্তি, মানসম্মত সেবা ও গ্রাহকের আস্থাকে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদে একটি বিশ্বস্ত ডিজিটাল ট্রাভেল ব্র্যান্ড গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট, শ্রীমঙ্গল কিংবা বান্দরবানের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের প্রচুর আগ্রহ রয়েছে। এসব অঞ্চলের হোটেল ও রিসোর্টের সেবা অনলাইনে সহজে সহজলভ্য করা গেলে পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা যেমন উন্নত হবে, তেমনি ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে। 'ট্রাভেল স্মার্ট, স্টে বেটার' স্লোগান সামনে রেখে পর্যটকদের বুকিং অভিজ্ঞতা আনন্দদায়ক করা এবং হোটেলগুলোর ডিজিটাল সক্ষমতা বাড়াতে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের সেবার তালিকায় রয়েছে হোটেল ও রিসোর্ট বুকিং, ফ্লাইট টিকিট, ভ্রমণ সেবা, ভিসা প্রসেসিং, বিদেশে গ্রুপ ট্যুর প্যাকেজ এবং হোটেল পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তিভিত্তিক সফটওয়্যার সমাধান।
এজেড