Dhaka Mail Logo

অফবিট

ভিএঅস ও কিশওয়ারের হাত ধরে দিন বদলের নতুন যাত্রা

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম

ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (ভিএঅস) উদ্যোগে আয়োজিত ‘ফ্লেভারস অব হোম’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালিস্ট কিশোওয়ার চৌধুরীর উপস্থিতিতে বাঙালি ঐতিহ্য উদযাপনের পাশাপাশি বাংলাদেশের করাইলের সুবিধাবঞ্চিত তরুণদের রন্ধন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদান প্রদান করা হয়েছে।

যুগের পর যুগ ধরে নারীদের কাছে খাবার কখনোই শুধু স্বাদ গ্রহণের বিষয় নয়। এর প্রতিটি পদে জড়িয়ে থাকে নানা স্মৃতি ও শেকড়ের টান। সেই অনুভূতিকে পুঁজি করেই মাস্টারশেফ অস্ট্রেলিয়া সিজন ১৩-এর দ্বিতীয় রানার-আপ কিশোওয়ার চৌধুরী পান্তাভাত, আলুভর্তা আর খিচুড়ির মতো সাধারণ বাঙালি খাবার বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন। রান্নাঘরের গণ্ডি পেরিয়ে তার এই পথচলা আজ তরুণ সমাজের অনুপ্রেরণা ও সামাজিক উদ্যোগের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় আয়োজিত ‘ফ্লেভারস অব হোম’ অনুষ্ঠানে তিনি শৈশবের স্মৃতিচারণ করার পাশাপাশি ‘কিশোওয়ার’স কালিনারি কোহর্ট (কেসিসি) উইংস’-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের কর্মসংস্থানের এই মহৎ উদ্যোগের কথা তুলে ধরেন।

Photo_1

পুরোনো শিক্ষার্থী ও প্রবাসীদের বন্ধনকে সমাজের জন্য অর্থবহ কিছুতে রূপ দেওয়ার লক্ষ্যেই ২০১৭ সালে ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া (ভিএঅস) যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি নারী, শিশু ও পরিবারের স্বাস্থ্য, শিক্ষা এবং মর্যাদা উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ায় শুরু হওয়া এই মানবিক উদ্যোগের ছোঁয়া বাংলাদেশে পৌঁছে দিতে ভিএঅস যুক্ত হয়েছে কেসিসি উইংসের সঙ্গে। আশি ও নব্বইয়ের দশকের পারিবারিক আয়োজনের সম্মিলিত অভিজ্ঞতা থেকেই কিশোওয়ার রান্নার শক্তিকে অনুধাবন করেছিলেন, যা পরবর্তীতে তার বই ‘স্মোক, রাইস, ওয়াটার’ এবং কেসিসি উইংস প্রতিষ্ঠার অনুপ্রেরণা জুগিয়েছে।

কেসিসি উইংস প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো করাইলের সুবিধাবঞ্চিত তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, পেশাদার রান্নাঘরে কাজের অভিজ্ঞতা, ইংরেজি ভাষার প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক হোটেল চেইনের সঙ্গে মেন্টরশিপের সুযোগ করে দেওয়া। 

কিশোওয়ারের এই স্বপ্নের উদ্যোগকে সমর্থন জানাতে ভিএঅসের পক্ষ থেকে পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলারের অনুদান প্রদান করা হয়, যা প্রাক্তন শিক্ষার্থীদের নেটওয়ার্ক থেকে অর্থবহ সামাজিক প্রভাব সৃষ্টির ‘কানেক্ট টু কেয়ার’ দর্শনকে প্রতিফলিত করে। এই সহায়তা প্রসঙ্গে কিশোওয়ার চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে, এটি কেবল তার যাত্রাকে উদযাপন করা নয়, বরং অন্যের ভবিষ্যতেও একটি বড় বিনিয়োগ। ভিএঅসের সাবেক প্রেসিডেন্ট ও অ্যাডভাইসর ড. সুরঞ্জনা জেনিফার রহমানও এই মতের সঙ্গে একমত পোষণ করে বলেন যে শিক্ষা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, আর এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ঐতিহ্যকে অর্থবহ কর্মকাণ্ডে রূপান্তরিত করা।

এজেড