Dhaka Mail Logo

অফবিট

এসওএস চিলড্রেন’স ভিলেজেসের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন ২০২৬, ০১:৪২ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ ও বিকাশে নিজেদের দীর্ঘমেয়াদী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠান সেন্ট্রো। তাদের সামাজিক উন্নয়নমূলক প্ল্যাটফর্ম ‘আলোকানন্দ ফাউন্ডেশন’-এর মাধ্যমে এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে ২০২৬ সালের জন্য অংশীদারিত্ব চুক্তি নবায়ন করেছে প্রতিষ্ঠানটি।

গত ২৫ জুন সেন্ট্রোর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেন্ট্রোর চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব নিকোলাস অ্যান্টন, আলোকানন্দ ফাউন্ডেশনের অফিস সেক্রেটারি দেওয়ান সাজ্জাদুল করিম এবং এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে শুরু হওয়া এই অংশীদারিত্বের আওতায় সেন্ট্রো এসওএস চিলড্রেন'স ভিলেজেসের তত্ত্বাবধানে থাকা ১০টি শিশুর লালন-পালন ও শিক্ষার দায়িত্ব পালন করে আসছে। পরবর্তীতে ২০২৩ সালে প্রতিষ্ঠানটি এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশ পরিচালিত ১০টি প্রারম্ভিক শৈশব উন্নয়ন (ইসিডি) কেন্দ্রে সহায়তা সম্প্রসারিত করে। এই উদ্যোগের ফলে ইতিমধ্যে ৭৫০-এরও বেশি সুবিধাবঞ্চিত শিশু প্রারম্ভিক শিক্ষা ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে।

২০২৬ সালের এই নবায়নকৃত অংশীদারিত্বের মাধ্যমে এসব কার্যক্রম চলমান থাকবে, যাতে আরও বেশি শিশু মানসম্মত প্রারম্ভিক শৈশব বিকাশের সুবিধা লাভ করতে পারে। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক সেন্ট্রোর এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও শিশুদের সুন্দর শৈশব উপহার দেওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

এজেড