নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে বুধবার (১০ জুন) অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ‘টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর চূড়ান্ত পর্বের। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং উর্মী গ্রুপের প্রতিষ্ঠান ‘টুরাগ অ্যাক্টিভ’-এর পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া এই আসরে দেশের ২৮টি জেলার ৩০টি ক্লাব ও প্রতিষ্ঠানের শতাধিক খেলোয়াড় শিরোপার জন্য লড়ছেন।
এবারের প্রতিযোগিতায় মোট নয়টি বিভাগ রয়েছে, যার মধ্যে উন্মুক্ত পুরুষ ও মহিলা বিভাগ, সৌখিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ এবং অনূর্ধ্ব-১১, ১৩ ও ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের পৃথক বিভাগ অন্তর্ভুক্ত। রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতার ম্যাচগুলো আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, বসুন্ধরা স্পোর্টস সিটি এবং আর্মি অফিসার্স মেস—এই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান উজ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, “বিগত পাঁচ বছরে দেশে স্কোয়াশের যে গতিময় অগ্রগতি হয়েছে, তা আশাব্যঞ্জক। রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ এবং এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যই এর প্রমাণ। অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও ফেডারেশনের প্রতিটি উদ্যোগে যারা পাশে আছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ। তিনি বলেন, “তরুণদের মধ্যে স্কোয়াশের ক্রমবর্ধমান আগ্রহ দেখে আমি আনন্দিত। উর্মী গ্রুপ বিশ্বাস করে, খেলাধুলার মাধ্যমেই একটি প্রতিযোগিতামূলক ও স্বাস্থ্যকর প্রজন্ম গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতে দেশের ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে আমরা এমন আয়োজনের পাশে থাকব।”
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম বলেন, “কালশী, ভাষানটেক ও রজনীগন্ধার মতো এলাকাগুলোর সুবিধাবঞ্চিত অনেক মেধাবী খেলোয়াড় স্কুল-কলেজে পড়ুয়া সন্তানরা স্কোয়াশে দারুণ সম্ভাবনা দেখাচ্ছে। এই আয়োজন তাদের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি বাংলাদেশে স্কোয়াশকে গণমানুষের খেলায় রূপান্তর করতে সহায়ক হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের উন্নয়ন কমিটির প্রধান মেজর শফিউল্লাহ মাস্তান, উর্মী গ্রুপের পরিচালক ফায়াজ রহমান, ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব.) বদরুল আমিন, সিএফও ময়নুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত পুরুষ ও মহিলা বিভাগসহ বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক খেলোয়াড়ের লড়াই আগামী চারদিন ধরে চলবে। আগামী ১৩ জুন চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়াযজ্ঞের পর্দা নামবে।
এজেড