images

অফবিট

অভিনব প্রতিবাদ: বেতন কম হওয়ায় অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে বিদ্রোহ!

ফিচার ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

কাজের চাপে নয়, বরং বসের দেওয়া কম বেতনের প্রতিবাদে অভিনব এক বিদ্রোহ শুরু করেছেন মধ্য চীনের এক তরুণী। তবে সেই 'বিদ্রোহ' বেশিদিন আড়ালে থাকেনি। কর্মস্থলেই টানা পাঁচ ঘণ্টা ঘুমিয়ে কাটানোর বিষয়টি বসের নজরে আসতেই চরম বিপাকে পড়তে হয়েছে তাকে। চীনের হেনান প্রদেশের শাংকিউ শহরের এই ঘটনাটি এখন সমাজমাধ্যমে আলোচনার তুঙ্গে।

যত বেতন, তত কাজ

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী একটি অনলাইন পোস্টে জানান, তিনি তার বর্তমান কর্মস্থলের বেতন নিয়ে দীর্ঘ দিন ধরে অসন্তুষ্ট। তার দাবি, যে পরিমাণ পরিশ্রম তিনি করেন, সেই তুলনায় পারিশ্রমিক অত্যন্ত নগণ্য। এই বৈষম্যের প্রতিবাদ জানাতেই তিনি অফিসে কাজের ফাঁকে টানা পাঁচ ঘণ্টা ঘুমানোর সিদ্ধান্ত নেন। তরুণীর যুক্তি ছিল পরিষ্কার— ‘প্রতিষ্ঠান আমাকে যেমন বেতন দেয়, আমি ঠিক ততটুকুই কাজ করব; অতিরিক্ত শ্রম দেব না।’

w-1280,h-720,format-jpg,imgid-01kg6nzb9trxdaxwxv2xs1nsmz,imgname-burnout-1769750900026

বসের হুমকি ও অশ্রুসজল প্রতিবাদ

বিষয়টি জানাজানি হওয়ার পর ওই তরুণীর বস তাকে কঠোর ভাষায় তিরস্কার করেন এবং ভবিষ্যতে এমনটা করলে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন। বসের এই আচরণে ওই তরুণী ভেঙে পড়েন এবং সমাজমাধ্যমে জানান যে তাকে চোখের পানি ফেলতে হয়েছে। তবে তিনি দমে যাননি। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমাকে যতই সমালোচনা বা হুমকি দেওয়া হোক, আমি চাকরি ছাড়ব না। বরং কম বেতনে কাজ করলে আউটপুট কেমন হয়, তা আমি বসকে বুঝিয়েই ছাড়ব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড়

চীনের সংবাদমাধ্যম ‘হাইচাও নিউজ’ এই খবরটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ মনে করছেন, বেতন কম হলে কেউ কাজে ফাঁকি দিতে পারেন না, বরং তার উচিত অন্য চাকরি খোঁজা। অন্যদিকে, বিশাল একটি অংশ তরুণীর পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, অনেক প্রতিষ্ঠানেই কর্মীদের দিয়ে গাধার খাটুনি খাটানো হলেও ন্যায্য বেতন দেওয়া হয় না। এই ঘটনাটি মূলত চীনের করপোরেট সংস্কৃতির অন্ধকার দিক এবং বেতন বৈষম্যকেই সামনে নিয়ে এসেছে।

এজেড