images

অফবিট

ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশের মিটআপ অনুষ্ঠিত

ফিচার প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম

ভ্রমণপ্রেমীদের জনপ্রিয় অনলাইন কমিউনিটি ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ–এর উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড মিটআপ ও বিশেষ প্যানেল আলোচনা। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্রমণপ্রেমী, উদ্যোক্তা এবং বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং–সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আয়োজকদের ভাষ্য, ফেসবুকভিত্তিক ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ ভ্রমণপিপাসুদের একটি পরিবার। প্রতিদিন এখানে হাজারো সদস্য তাদের ভ্রমণ পরিকল্পনা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় তথ্য ভাগাভাগি করেন। সেই অনলাইন সংযোগকে অফলাইনে আরও দৃঢ় করতে আয়োজন করা হয় এই মিটআপের।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক ভিসা প্রসেসিং : বাস্তবতা, চ্যালেঞ্জ ও সঠিক গাইডলাইন’ শীর্ষক প্যানেল আলোচনা। আলোচনায় বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ ব্যক্তিরা অংশ নেন এবং তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা দেন।

প্যানেলটি সঞ্চালনা করেন গ্রুপের অ্যাডমিন মাসুমুল হক। শুরুতেই তিনি বলেন, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সঠিক তথ্য ও প্রস্তুতির অভাবেই অনেক আবেদনকারী জটিলতায় পড়েন। এ ধরনের আয়োজন সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

be1e26cb-eb50-4dc5-afeb-017dde10051e

প্যানেল আলোচনায় অংশ নেন ফ্লাইংএইড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আসফাকুর রহমান, যমুনা ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামিম আহমেদ, এমএমএস গ্লোবাল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মুসা সাইদ, দ্য ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আহমেদ সামির। ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের ১৫৮ দেশ ভ্রমণ করা কাজী আসমা আজমেরী।

আরও পড়ুন: নিউইয়র্ক থেকে নারায়ণগঞ্জ: ভালোর আলো ছড়ানো কাজ

আলোচনায় অংশ নেওয়া অতিথিরা বলেন, সঠিক তথ্য, স্বচ্ছ আর্থিক প্রোফাইল ও বাস্তবসম্মত ভ্রমণ পরিকল্পনাই সফল ভিসা আবেদনের মূল চাবিকাঠি। ভুল তথ্য বা অতিরঞ্জিত উপস্থাপন শেষ পর্যন্ত আবেদনকারীর ক্ষতির কারণ হতে পারে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। সব শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। আয়োজকেরাও ভবিষ্যতে ভ্রমণসংক্রান্ত সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এজেড