ঢাকা মেইল ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) সেক্রেটারি ও সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. তৃণা ইসলামকে গ্রীন টেলিভিশন থেকে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই এবং নিয়োগপত্রের শর্ত লঙ্ঘন করে ডিউটি রোস্টার থেকে বাদ দেওয়ায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে ডিএমএফ।
রোববার (১ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ডা. তৃণা ইসলাম দীর্ঘ দিন ধরে নিষ্ঠার সাথে গ্রীন টেলিভিশনে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত ছিলেন। তার নিয়োগপত্রের ৮ নম্বর ধারা অনুযায়ী, অব্যাহতি প্রদানের ক্ষেত্রে দুই মাসের পূর্ব নোটিশ অথবা সমপরিমাণ বেতন প্রদানের বিধান রয়েছে। তবে কর্তৃপক্ষ এই শর্তের তোয়াক্কা না করেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। কোনো কারণ দর্শানো বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নেওয়া এই সিদ্ধান্তকে প্রচলিত শ্রম আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে সংগঠনটি।
ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন সংগঠনের একজন শীর্ষস্থানীয় নেতার প্রতি এ ধরনের অন্যায় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একজন গণমাধ্যমকর্মীর পেশাগত অধিকার ক্ষুণ্ণ করা নয়, বরং পরিকল্পিতভাবে একজন পেশাদার কর্মীকে হেনস্তা করার শামিল। এ ধরনের অপসংস্কৃতি গণমাধ্যমের শৃঙ্খলা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
বিবৃতিতে ডিএমএফ দাবি জানিয়েছে যে, গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ডা. তৃণা ইসলামকে সসম্মানে কাজে পুনর্বহাল করতে হবে। অন্যথায়, ডিজিটাল মিডিয়া ফোরাম আইনি পদক্ষেপ গ্রহণ এবং সকল গণমাধ্যম সংগঠনকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সংগঠনটি আশা প্রকাশ করে যে, গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষ দ্রুত এই সংকটের সুষ্ঠু সমাধান করে গণমাধ্যমে ন্যায়বিচার ও পেশাদারিত্বের পরিবেশ বজায় রাখবে।
/একেবি/