নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৩, ০৫:২১ পিএম
রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রবিউল মিয়া, মনির, জলিল হোসেন, শফিকুল ইসলাম ওরফে পুনম ও ইমরান হোসেন।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, বিজয়নগরের জাতীয় স্কাউট ভবনের সামনে কতিপয় ব্যক্তি প্রাইভেটকারে গাঁজাসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১১-৮৫৫২) জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কেআর/জেবি