নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২১ এএম
মাদকাসক্তি একটি সামজিক ব্যাধি। সর্বগ্রাসী মরণ নেশার কারণে মারাত্মকভাবে আক্রান্ত দেশের লাখ লাখ মানুষ। বিশেষ করে যুব সমাজ। মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপদগামী ও বিপন্ন। দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত দেশ গড়তে হবে। দেশকে এগিয়ে নিতে হলে নিতে হলে যুব সমাজকে রক্ষা করতে হবে। আর যুব সমাজের অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী শপথ করানো হচ্ছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তর উপ-অঞ্চলের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
তিনি ঢাকা মেইলকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সফলতার সাথে কাজ করে আসছে। মাদকবিরোধী প্রচার প্রচারণার মাধ্যমে নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য ঢাকা মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) জোরালো তৎপরতা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, মাদক আগ্রাসন থেকে নিজেকে বাঁচাতে হবে,রক্ষা করতে হবে পরিবার সমাজ দেশকে। আর এখনই সময় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। এখনই সময় মাদকমুক্ত জীবন গড়ার শপথ নিয়ে মাদককে না বলার। এমনসব স্লোগান নিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনামূলক অনুষ্ঠান পরিচালনা করছে। সম্প্রতি রমনা সার্কেল ও স্মার্ট মাদক প্রতিরোধ সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর সিদ্ধেস্বরী গার্লস কলেজে মাদকবিরোধী গণসচেতনতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী মাদককে না বলার মধ্য দিয়ে হাত উঁচু করে সমস্বরে জানান দিয়েছে জীবন একটাই। নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নিজেরই। আর তাই সম্ভাবনাময় জীবনের পথে বাধা হয়ে দাঁড়ানো মাদকের বিরুদ্ধে মুখে নয়-মন থেকে না বলা ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গিকারের সময় এসেছে।
মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণের মধ্য দিয়ে সিদ্ধেস্বরী গার্লস কলেজের প্রিন্সিপাল নীনা একরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ, প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের অতিরিক্ত পরিচালক মো. জাফর উল্লাহ কাজল। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে মাদকের কুফল লেখা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মেহেদী হাসান।
কেআর/এইউ