images

জাতীয়

ইজতেমাগামী যাত্রীবেশে ইয়াবা পাচার, গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৩, ০৬:১১ পিএম

চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছিল একটি ইয়াবার চালান। সেই চালানের গন্তব্য ছিল ঢাকার উত্তরা। তবে ইতোমধ্যে খবর পেয়ে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে রাজধানীর চৌধুরীপাড়া বাটার দোকানের সামনে অবস্থান নেন তারা। এ সময় যাত্রীবেশে বাসে চট্টগ্রাম থেকে আসা তিন ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

‌গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ আলী হোসেন ও মোহাম্মদ হাবিবুল্লাহ।

শুক্রবার রাতে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। ‌‌শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিবির লালবাগ বিভাগের এসি মো. মনিরুজ্জামান।

এই কর্মকর্তা জানান, আগে থেকে তথ্য ছিল চট্টগ্রাম থেকে বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে তিন ইয়াবা কারবারি ঢাকায় একটি মাদকের চালান নিয়ে আসছে। পরে রাজধানীর রামপুরা এলাকার চৌধুরীপাড়ার বাটা শো-রুমের সামনে সেই তিনজনকে বহনকারী বাসটি আসামাত্র ডিবির মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন ও আলী হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মনিরুজ্জামান জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরের তুরাগ এলাকার কামারপাড়ায় অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।

এমআইকে/জেবি