Dhaka Mail Logo

জাতীয়

‘ডিজিটালাইজেশনে বিদেশে কর্মী পাঠানোর ধাপ কমবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২২, ০৮:০৫ পিএম

ডিজিটালাইজেশনে বিদেশে কর্মী পাঠানোর ধাপ কমে আসবে। সেই সঙ্গে এই প্রক্রিয়া প্রবাসী মন্ত্রণালয়কে সহায়তা করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে বিদেশে কর্মী পাঠানোর অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এর মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিয়োগ প্রক্রিয়াসহ চারটি সেবা ডিজিটালাইজড করার মধ্যদিয়ে অভিবাসন খাতের ডিজিটালাইজেশন শুরু হলো। কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করাসহ সেবা সহজীকরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একজন অভিবাসন প্রত্যাশী কর্মীর সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

মন্ত্রী বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর প্রক্রিয়া আমাদের ত্বরান্বিত করতে হবে। ডিজিটালাইজেশন আমাদের এতে সহায়তা করবে এবং বিদেশে কর্মী পাঠানোর ধাপ কমে আসবে।

Meetingইমরান আহমদ বলেন, বিএমইটির সেবা ডিজিটালাইজেশন শুনতে যতটা বড় মনে হচ্ছে, আমি মনে করি এর প্রভাব আরও বেশি পড়বে অভিবাসন খাতে। প্রবাসী অ্যাপ হওয়ার আগ পর্যন্ত আমরা খুব বেশি কাজ করতে পারিনি। আজকে প্রতীয়মান হচ্ছে যে, আমরা কতটা সফলতা অর্জন করতে পেরেছি।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, আমাদের মন-মানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন। যখনই আমরা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের কথা বলি, সেটা অংশীদারিত্বই হয়। সরকার সুযোগ দেয় কারণ তার সেবাটি প্রয়োজন। বিএমইটির একার পক্ষে এটা করা সম্ভব না। সেটি করেও থেমে থাকা যাবে না। এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সবসময় একজোট হয়ে কাজ করি।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, কৃষিতে সাড়ে তিন কোটি শ্রমিক আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই মধ্যম আয়ের দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত-স্মার্ট বাংলাদেশের ভিশন দিয়েছেন সেটি পূরণ করতে গেলে, যদি আমাদের জ্ঞানভিত্তিক উদ্ভাবনী অর্থনীতির দিকে যেতে হয় তাহলে কিন্তু প্রযুক্তিকে আমাদের পোশাক শিল্প, প্রবাসী কর্মসংস্থানে ও কৃষিতেও ব্যবহার করতে হবে। তবেই আমরা স্মার্ট অর্থনীতির দিকে এগিয়ে যেতে পারব। 

Meetingঅনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক শহীদুল আলম, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, বায়রার সভাপতি আবুল বাসার, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান প্ৰমুখ উপস্থিত ছিলেন।

এমআইকে/আইএইচ