নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২২, ০২:৪০ পিএম
বঙ্গবন্ধুর দর্শনের কার্বন কপি শেখ হাসিনা এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা এক এক করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর দর্শনের প্রতিচ্ছবি।
শনিবার (২৭ আগস্ট) মহাখালীর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি ভবনে ‘দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জাতির পিতার স্বপ্ন পূরণের অভিযাত্রা এবং কমিউনিটি ক্লিনিক’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি।
বিএসএমএমইউ’র ইমেরিটাস অধ্যাপক ডা. আবদুল্লাহ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আগামী এক-দুই বছরের মধ্যে একটি সুখী, সমৃদ্ধ এবং দারিদ্রমুক্ত দেশ হবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পুরো পরিবারকে নিশ্চিহ্ন করতে চাইলেও আল্লাহ তায়ালা না চাওয়ায় তার দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন বেঁচে গেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতেই আল্লাহ হয়তো শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। ১৫ আগস্ট দেশে থাকলে তিনি হয়তো মারা যেতেন। কিন্তু শুধু মানুষের জন্য তিনি বেঁচে আছেন।
এ বি এম আবদুল্লাহ বলেন, বিশ্বের যে কয়েকজন ক্যারিশম্যাটিক লিডার ছিলেন আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা আমার মনে হয় বঙ্গবন্ধু তাদেরকেও ছাড়িয়ে গেছেন। তার নেতৃত্বে দেশ পেয়েছি। তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও যাবে।

বিএসএমএমইউ’র ইমেরিটাস অধ্যাপক বলেন, এমন কোনো সেক্টর নেই যেখানে বঙ্গবন্ধু হাত দেননি। কিন্তু তিনি সব কাজ শেষ করে যেতে পারেননি। তার অসমাপ্ত কাজগুলো করে যাচ্ছেন শেখ হাসিনা।
আলোচনায় অংশ নিয়ে আমাদের গ্রাম, ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম বলেন, শেখ হাসিনা তার দর্শনের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। জনস্বাস্থ্যের উন্নয়নে কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনার দর্শন চিন্তাকে ধারণ করে।
একেকটি কমিউনিটি ক্লিনিক বঙ্গবন্ধু চাওয়া বাংলাদেশের স্বপ্নের প্রতিরূপ মন্তব্য করে পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে শেখ হাসিনা শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেননি, তার মালিকানা দিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু যেমন বাংলাদেশ চেয়েছিলেন একেকটি কমিউনিটি ক্লিনিক যেন সেই স্বপ্নের প্রতিরূপ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় আরও অংশ নেন কমিউনিটি গ্রুপ এন্ড কমিউনিটি সাপোর্ট গ্রুপ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ন্যাশনাল কোঅর্ডিনেটর শাহানা পারভীন।
এমআর