Dhaka Mail Logo

জাতীয়

দেশত্যাগের সময় পিকে হালদারের দুই নারী সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২২, ০৯:১৪ এএম

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎকারী পি কে হালদারের দুই নারী সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাতে দেশত্যাগের সময় তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশত্যাগের সময় পি কে হালদারের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের নামপরিচয় জানা যায়নি। এছাড়া কোথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তাও জানা যায়নি। বুধবার (২৪ আগস্ট) দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে জানাবে এলিট ফোর্সটি।

২০২০ সালের জানুয়ারিতে পি কে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে একটি মামলা করে দুদক। সেই মামলার তদন্তে এখন পর্যন্ত প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের তথ্য পেয়েছে মামলার তদন্ত সংস্থা। তবে মামলা দায়েরের আগেই পিকে হালদার পালিয়ে কানাডা চলে যান।

পাচারের টাকায় কানাডায় তিনি ব্যবসা করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ধরিয়ে দিতে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। পরে চলতি বছরের ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে পি কে হালদারকে গ্রেফতার করে দেশটির আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এছাড়া সংস্থাটি পি কে হালদারের পাঁচ সহযোগীকেও গ্রেফতার করে। তার আগে রাজ্যের বিভিন্ন স্থানে পি কে হালদারের প্রাসাদের মতো বাড়িসহ বিপুল সম্পদের সন্ধান পায় ইডি।

ইতোমধ্যে দেশে পি কে হালদারের বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বশেষ আজ দুইজনকে গ্রেফতারের কথা জানায় এলিট ফোর্স র‌্যাব।

এমআর