নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে আবার রহস্যময় গ্রাফিতি দেখা যাচ্ছে। স্টেনসিলে আঁকা এসব লেখার নিচে একটাই স্বাক্ষর থাকে, সেটি হচ্ছে ‘NAN’। তবে এর অর্থ কী, তা এখনো জানা যায়নি।
রাজধানীর মতিঝিল, ইত্তেফাক মোড়, নটর ডেম কলেজের দেয়াল, বেইলি রোড, কাকরাইল, রমনা ও শিল্পকলা একাডেমি এলাকার দেয়ালগুলোতে এই গ্রাফিতি চোখে পড়েছে।
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে NAN নামটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ফলে অনলাইনের সেই আলোচনা এখন শহরের দেয়ালে এসে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
দেয়ালের ছবিতে দুটি বার্তা দেখা যায়। একটিতে লেখা ‘NOBODY WAS HERE’, যার অর্থ ‘এখানে কেউ ছিল না’। এর ওপরে রয়েছে গম্বুজ বা টুপির মতো একটি কালো আকৃতি। ডান দিকে বড় অক্ষরে লেখা ‘ARE YOU AWAKE?’, যার অর্থ ‘তুমি কি জেগে আছো?’ এর ওপরে পাপড়িসহ একটি বন্ধ চোখের প্রতীক রয়েছে। দুটি লেখার নিচেই ছোট অক্ষরে ‘NAN’ লেখা।
কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে NAN নিয়ে আলোচনা শুরু হয়। তাদের মধ্যে কেউ কেউ দাবি করেন, NAN বাংলাদেশের একটি ছোট ‘ডিপ স্টেট’। তাঁদের মতে, এটি এমন একটি গোষ্ঠী, যারা পর্দার আড়াল থেকে দেশের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব রাখে।
তবে সে সময় অনেকে এই দাবিকে ষড়যন্ত্রতত্ত্ব বলে উড়িয়ে দেন। কেউ কেউ পুরো বিষয়টিকে নিছক প্রচারণা বা ‘কিছুই না’ বলেও মন্তব্য করেন।
যদিও এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো যাচাইযোগ্য প্রমাণ সামনে আসেনি। NAN-এর পূর্ণরূপ কী, এর পেছনে কোনো ব্যক্তি, শিল্পীগোষ্ঠী বা সংগঠন আছে কি না, তা জানা যায়নি। কেউ প্রকাশ্যে এর দায়ও স্বীকার করেনি।
তবে ঢাকার দেয়ালে বেনামি ও রহস্যময় বার্তাসংবলিত গ্রাফিতি লেখার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। কয়েক বছর আগে শহরের বিভিন্ন দেয়ালে ‘হবেকি’ গ্রাফিতি দেখা যেত।
সে সময় গণমাধ্যমে হবেকি-কেন্দ্রিক স্ট্রিট আর্টকে সামাজিকভাবে দ্ব্যর্থক ও রাজনৈতিকভাবে অস্পষ্ট বলে বর্ণনা করা হয়েছিল।
এর আগে ২০১৭ সালে একই রকম আলোড়ন তুলেছিল ‘সুবোধ’ সিরিজ। সে সময় গ্রাফিতিটিকে সরকারবিরোধী ধরে নিয়ে শিল্পীকে খুঁজতে তদন্ত শুরু করেছিল একটি গোয়েন্দা দল।
শুধু ঢাকার দেয়ালেই নয়, সুবোধের প্রভাব সীমান্তও পেরিয়েছিল। এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও একই ধরনের গ্রাফিতি আঁকা হয়।