Dhaka Mail Logo

জাতীয়

বিদ্যুৎকেন্দ্র, রেল ও মেট্রোতে বিশেষ নিরাপত্তা, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা এবং পলাতক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটির নাশকতার আশঙ্কায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, রেলওয়ে ও মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রের নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে মোতায়েন করা হয়েছে দুই হাজার আনসার সদস্য। মেট্রোরেলের আশপাশের ভবনমালিকদের সতর্ক করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছে পুলিশ। একইসঙ্গে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের টহল ও তল্লাশি বাড়ানো এবং নাশকতার চেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন আইজিপি।

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের চলাচল-সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, নাশকতা, চুরি, ভাঙচুর ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সমন্বয় জোরদার করা হচ্ছে।

বিদ্যুৎ স্থাপনায় ১১ দফা নির্দেশনা

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভাণ্ডারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রোববার (২৯ নভেম্বর) বোর্ডের নিরাপত্তা ও অনুসন্ধান পরিদফতরের পরিচালক বেগ নাসির জাহান স্বাক্ষরিত এক সার্কুলারে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখার পাশাপাশি আগের নির্দেশনাগুলোও আরও জোরদার করতে হবে। বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকায় বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নির্ধারিত দায়িত্বে থাকা কর্মচারী ছাড়া অন্য কাউকে এসব স্থানে প্রবেশ করতে দেওয়া যাবে না।

দর্শনার্থীদের প্রবেশের আগে পরিচয় নিশ্চিত করা, বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির মাধ্যমে তল্লাশি এবং দায়িত্বশীল কর্মকর্তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি নিয়ে প্রবেশকারীদের ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে। তাদের নাম, পূর্ণ ঠিকানা, আগমনের উদ্দেশ্য, কার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার মূল অংশে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা ও ধারণ করা ভিডিও সংরক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখা, সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা এবং ওয়াচ টাওয়ারে নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড ও ভাণ্ডারে প্রবেশের সময় ব্যাগসহ বহন করা জিনিসপত্র তল্লাশি এবং নিরাপত্তাবাতি সচল রাখতেও বলা হয়েছে।

দাফতরিক সময়ের পর, বিশেষ করে রাতে, নিরাপত্তা টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থাপনা এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাচল নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

রেলওয়ের নিরাপত্তায় দুই হাজার আনসার

দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসহ রেলওয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করতে দুই হাজার সাধারণ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৮০০, ঢাকা অঞ্চলে ৬০০ এবং পূর্বাঞ্চলে ৬০০ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের (জিআরপি) সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

রেলস্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা, যাত্রীদের চলাচল ও রেলওয়ের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের লক্ষ্য। পাশাপাশি নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ স্টেশন, প্রবেশ ও বহির্গমন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি বাড়ানো হয়েছে।

এর আগে দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। তারা জিআরপি ও আরএনবির সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

মেট্রোরেলের আশপাশের ভবন মালিকদের সতর্ক করছে পুলিশ

মেট্রোরেলে হামলা বা নাশকতা ঠেকাতে এর আশপাশের ভবন মালিকদের সতর্ক করছে পুলিশ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে ভবন মালিকদের কাছ থেকে মৌখিক ও লিখিত প্রতিশ্রুতিও নেওয়া হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভবন থেকে যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো না হয়, সে বিষয়ে মালিকদের সচেতন করা হচ্ছে। ভবনের ছাদ, বারান্দা ও খোলা জায়গায় অযথা বিচরণ না করা এবং ভবনে অবস্থানরত ভাড়াটিয়া, কর্মী ও বহিরাগতদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বানও জানানো হচ্ছে।

কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) মাসনুন আলম জানিয়েছেন, মেট্রোরেলের আশপাশের ভবনমালিকদের কাছ থেকে এ বিষয়ে প্রতিশ্রুতিপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, এর মূল উদ্দেশ্য ভবন মালিকদের সচেতন করা, যাতে কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেন।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পথ অন্তত ১১টি থানা এলাকার মধ্য দিয়ে গেছে। এ রুটের নিরাপত্তায় পুলিশের আলাদা বিশেষায়িত ইউনিটও রয়েছে। ২০২৩ সালের মে মাসে সরকার ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দেয়।

এর আগে ২০২৩ সালের ৩০ এপ্রিল আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে মেট্রোরেলের একটি জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মেট্রোরেল আইন ও দণ্ডবিধিতে মামলা হয়।

নাশকতা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রোববার সকালে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ-বিদেশ থেকে ছড়ানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো ধরনের অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশপ্রধান।

সভায় গত অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসহ বিভিন্ন মামলার অগ্রগতি, তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশসহ পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধান, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

বিদ্যুৎ, রেল ও মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর এসব পদক্ষেপের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা ও যোগাযোগব্যবস্থা সচল রাখাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

জেবি