Dhaka Mail Logo

জাতীয়

মন্দিরে বোমা হামলা করতে এসে হাতেনাতে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পেট্রোল বোমা হামলা করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের মাহির‌ নামে এক নেতা হাতেনাতে আটক হয়েছেন। তিনি কামরাঙ্গীরচর থানা শাখার সহ-সভাপতি বলে জানা গেছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাকে লালবাগের ইবনে সিনা হাসপাতালের সামনে চেকপোস্টে তল্লাশীর সময় হাতেনাতে আটক করে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

আটকের সময় মাহিরের কাছ থেকে চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও একজন ছিলেন, তবে তিনি পালিয়ে গেছেন।

লালবাগ থানার ওসি জামিল আহমেদ ঢাকা মেইলকে বলেন, মাহির ও তার সঙ্গে থাকা যুবক একটি অটোতে করে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। পথে ইবনে সিনা হাসপাতালের সামনে চেকপোস্টে পুলিশ দেখে তারা অটো থেকে নেমে দৌড় দেয়। এতে উপস্থিত মনে করেছিল, হয়তো সে কোনো ছিনতাইকারী। 

তিনি বলেন, পরে তারা ও পুলিশ মিলে ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে, কিন্তু তার সঙ্গে থাকা অপর যুবক পালিয়ে যায়। এসময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে চারটি পেট্রোল বোমা পাওয়া যায়।

ওসি জামিল আহমেদ আরও বলেন, মাহিরের কাছে থাকা ব্যাগে বোমাগুলো দেখে লোকজন ভয় পেয়ে অনেকে দৌড় দেয়। কিন্তু পুলিশ গিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এমআইকে/এসআই