Dhaka Mail Logo

জাতীয়

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি প্রকল্প জেলায় একযোগে সংহতি র‍্যালি ও মানববন্ধন করেছে ওয়েভ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সূচনা এবং নারীর প্রতি সহিংসতা দূরীকরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হয়। ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি’ প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই প্রচারাভিযান চলছে।

কর্মসূচিতে নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণ-তরুণী, শিক্ষার্থী, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তারা নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারী ও কন্যাশিশুরা তুলনামূলক বেশি ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের প্রতি সহিংসতা, হয়রানি, শোষণ, বাস্তুচ্যুতি ও নিরাপত্তাহীনতা বাড়ছে। একই সঙ্গে জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে তাদের।

HC

র‍্যালি ও মানববন্ধন থেকে জলবায়ুজনিত দুর্যোগে নারীর নিরাপত্তা নিশ্চিত, জলবায়ু পরিবর্তন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণে নারীর সমান অংশগ্রহণ, নারী সংবেদনশীল জলবায়ু শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়।

জাতীয় প্রেসক্লাব থেকে র‍্যালিটি শুরু হয়ে কদম ফোয়ারা ও হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

ওয়েভ ফাউন্ডেশনের জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (জিইটিসিএ) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পটিতে অর্থায়ন করছে কানাডা, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন। প্রকল্পটি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জিএফএ কনসালটিং গ্রুপ।

HC1

চার দিনব্যাপী এই প্রচারাভিযানের অংশ হিসেবে ঢাকা ও পাঁচটি প্রকল্প জেলায় র‍্যালি, মানববন্ধন, স্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদান এবং বিষয়ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে নারী-পুরুষের সমতা, নারীর অধিকার ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্য নির্ধারণ করেছে আয়োজক সংস্থা।

এএইচ/এফএ