নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে দুই কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফালান গ্রুপের সক্রিয় সদস্য ইমরান ও তার সহযোগী সোহাগ এবং কান্তা ফিরোজ গ্রুপের সক্রিয় সদস্য জিহাদ ওরফে পাগলা জিহাদ ও তার সহযোগী রাব্বি।
এম মুবীন রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ফালান গ্রুপের সক্রিয় সদস্য ইমরান ও তার সহযোগী সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। একই রাতে রায়েরবাজারের পাবনা হাউজিং গলিতে পৃথক অভিযান চালিয়ে কান্তা ফিরোজ গ্রুপের সক্রিয় সদস্য পাগলা জিহাদ ও তার সহযোগী রাব্বিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া, আধিপত্য বিস্তার এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনতাই করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে দেখা গেছে, ইমরানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতার দুটি মামলা রয়েছে। সোহাগের বিরুদ্ধে দস্যুতার একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। পাগলা জিহাদের বিরুদ্ধে দস্যুতার দুটি মামলা এবং রাব্বির বিরুদ্ধে দস্যুতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি করে মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস/এমআর