Dhaka Mail Logo

জাতীয়

‘নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে কী করবেন, এটা জাতির জন্য দুর্ভাগ্য’

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ প্রশ্ন তুলেছেন, ‘নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন! আমরা কাকে অবিশ্বাস করব।’ তিনি বলেন, ‘এটা জাতির জন্য দুর্ভাগ্য।’

রোববার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন ইসি মাছউদ।

এ সময় সিইসিসহ অন্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

মাছউদ বলেন, ‘বিচারকরা যদি ঘুষ খায় জাতির জন্য দুর্ভাগ্য। আমরা কাকে অবিশ্বাস করব? পৃথিবীতে সবচাইতে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন বিচারকরা। পৃথিবীর সব জায়গায়। এখন বিচারকরা যদি ঘুষ খান, যা করা দরকার আল্লাহ মাফ মরুক, তাইলে কী করবেন, জাতির জন্য দুর্ভাগ্য। পুলিশ যদি ডাকাতি করে জাতির জন্য দুর্ভাগ্য।’

তিনি বলেন, ‘আমরা এবার আইন করেছি, যেটা আগে ছিল না। ভোটের দায়িত্বে থেকে কেউ অনিয়ম করলে আমরা সরাসরি দুই মাস বরখাস্ত করতে পারব। এরপর সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিলো, তাও জানাতে হবে। যদি না জানায়, তবে তখনও আমরা ব্যবস্থা নিতে পারব। আগে বিষয়টা ছিল না।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা জামানত বাড়িয়েছি প্রার্থী সংখ্যা কমানোর জন্য। কারণ প্রার্থী সংখ্যা বেড়ে গেলে ভোটদান বাধাগ্রস্ত হবে। এজন্য জামানতটা বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনি ব্যয়টাও বাড়িয়েছি। ব্যয় বেশি করে বারবার মিথ্যা তথ্য দেন। তাই মিথ্যাটা কমানোর জন্য ব্যয় বাড়িয়েছি।’

এ সময় সকলের সহযোগিতায় আইনের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচনের আশাবাদও ব্যক্ত করেন ইসি মাছউদ।

এমএইচএইচ/এএইচ