নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কঠোর ও নিরপেক্ষ ভূমিকা চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে নির্বাচনে জামানত কমানো, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাত করা হবে না। গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে প্রার্থিতা বাতিল, নির্বাচন স্থগিত কিংবা বাতিলের ক্ষমতাও প্রয়োগ করবে কমিশন।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপে এসব দাবি উঠে আসে। টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।
প্রথম দিনের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংলাপে জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজকের সংলাপে জামায়াতে ইসলামীরও অংশ নেওয়ার কথা থাকলেও দলটির পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। জাতীয় পার্টির কোনো প্রতিনিধি অংশ নেয়নি।
বাংলাদেশ কমিনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ চৌধুরী চন্দন বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়ে বলে আসছি। এটা শক্তিশালী করার ভেতর দিয়ে তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে। বর্তমান সমাজে ১০০ শতাংশ নির্বাচন সুষ্ঠু হবে বলা যাবে না। সরকারি প্রভাবমুক্ত থাকলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। যতগুলো নির্বাচন হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে বলা যাবে না। তৃণমূলের মানুষ এই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে জামানতের টাকা কমানো দরকার। যারা কালো টাকার মালিক তারাই নির্বাচনে অংশ নেবে। ভালো মানুষ আর্থিক সংকটের কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না।
তিনি আরও বলেন, নির্বাচনে টাকার খেলা হয়। এখন মেম্বারও নাকি ৪০ থেকে ৫০ লাখ টাকা খরচ করে। চেয়ারম্যানও এক থেকে দুই কোটি টাকা খরচ করে। নির্বাচনে ব্যয়ের বিষয়টি বিবেচনা করতে হবে। ভোটের আগে ভোটারদের কাছে টাকা চলে যাওয়া আটকাতে হবে। কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে। ইসি দল নিরপেক্ষভাবে ভূমিকা নিলে ভালো হবে।’
জাতীয় পার্টির-জেপি’র যুগ্ম মহাসচিব মো. রুবেল হাওলাদার বলেন, ‘পোলিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থাকতে দিতে হবে। অনেক সময় প্রচারণাকে কেন্দ্রে করে সহিংসতা থাকে। নির্বাচনকালীন দ্রুত নিষ্পতি করা দরকার। জেপি সব সময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। ইউপি নির্বাচনে গঠনমূলক সহায়তা করব।’
গণতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ শিকদার বলেন, ‘স্থানীয় সরকারের নির্বাচন নিরপেক্ষ করতে কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন চায়। গরিব মানুষও যেন নির্বাচিত হয়ে আসতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। কারণ নির্বাচনের সময় সকল প্রশাসন ইসির অধীনে থাকে। প্রশাসনকে দল নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সব দলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে। বাংলাদেশ শুধু কয়েকটি দলের নয় এটা ১৮ কোটি মানুষের দেশ। আমরা দেখি দলীয় রাজনীতি কুলষিত হচ্ছে।
বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহসচিব ফয়জুর রহমান মৃধা বলেন, নির্বাচনকালীন কমিশনের দায়িত্ব অনেক। ইসি তাদের অর্পিত দায়িত্ব পালন করলে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দিতে হবে। গুজব বা এআই প্রতিরোধে মনিটরিং সেল গঠন করতে হবে। কেন্দ্রে সঙ্গে সঙ্গে ফলাফল প্রকাশ করতে হবে। নির্বাচনের আগে পেশাজীবীদের সঙ্গে শান্তিমূলক শান্তি সংলাপের ব্যবস্থা করতে হবে। নিরপেক্ষ নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিতে হবে। ভোটে কালোটাকা ও পেশি শক্তির প্রভাব বন্ধ করতে হবে।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি হয়েছে। এমনকি জামানত এক হাজার টাকা হলেও তেমন কোনো ক্ষতি হতো না। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত।
শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি বলেন, দেশে তথাকথিত শিক্ষিত মানুষের চেয়ে গ্রামের স্বল্পশিক্ষিত বা অশিক্ষিত মানুষের জ্ঞান, নীতি-আদর্শ ও মানবিক গুণাবলি অনেক বেশি থাকতে পারে। শুধু বিএ বা এমএ পাস করলেই প্রকৃত জ্ঞান ও নৈতিকতা অর্জিত হয় না।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন। এ সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে আসেনি। আমরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছি। এর পেছনে আমাদের একটি যুক্তি ও উদ্দেশ্য রয়েছে। আগের ব্যবস্থায় রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ ছিল। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ছিল। চেয়ারম্যান পদে প্রার্থী হতে কমপক্ষে ৫০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর লাগত। এর উদ্দেশ্য ছিল প্রার্থীর সংখ্যা সীমিত রাখা।’
তিনি বলেন, আপনারা নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের বিষয়েও কথা বলেছেন। চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর জন্য দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা নিজেরাও বুঝি, বাস্তবতার সঙ্গে অনেক সময় এসব ব্যয়ের হিসাবের মিল থাকে না। সে বিবেচনায় জামানতের পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। চেয়ারম্যান পদে জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য পদে পাঁচ হাজার টাকা করা হয়েছে।
রহমানেল মাছউদ বলেন, ‘আমরা চেয়েছি, উপযুক্ত ব্যক্তিরা প্রার্থী হোন। যারা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে যথেষ্ট প্রস্তুত, তারাই যেন প্রার্থী হন। একেবারে বেশি নয়, আবার খুব কমও নয়, আমরা একটি মধ্যপন্থা অবলম্বন করেছি। সীমিত।’
এই নির্বাচন কমিশনার বলেন, ‘আইন করে নির্বাচন কমিশনকে আরও ক্ষমতাবান করার চেষ্টা করেছি। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে নির্বাচন কমিশন তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আগাম পরামর্শ করার প্রয়োজন হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগকে নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে জানাতে হবে, অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা না নিলে কমিশনের আরও পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। রিটার্নিং কর্মকর্তা তার দায়িত্ব পালন করবেন। তিনি যদি দায়িত্ব পালন না করেন, সেটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। তবে আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, নির্বাচন কমিশন থেকে কোনো পক্ষের প্রতি পক্ষপাতমূলক বার্তা যাবে না।

রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশন তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রয়োজনে ফলাফল স্থগিত কিংবা নির্বাচন বাতিল করার ক্ষমতাও কমিশনের রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনে নতুনভাবে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত হয়েছে। কোনো চেয়ারম্যান প্রার্থী গুরুতর অনিয়মে জড়িত থাকলে কমিশন তার প্রার্থিতা বাতিল করতে পারবে। তবে প্রতিটি অভিযোগের ভিত্তিতেই প্রার্থিতা বাতিল করা সম্ভব নয়। কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা, নির্বাচন বন্ধ করে দেওয়া নয়। তাই বিশেষ পরিস্থিতিতে এবং গ্রহণযোগ্য কারণ থাকলেই এসব ক্ষমতা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়োগ করা হবে।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা নির্বাচন কমিশনে বসে কারও পক্ষে যাব কেন? তিনি হিন্দু, মুসলমান, খ্রিষ্টান না বৌদ্ধ সেটি আমাদের বিবেচ্য নয়। আমরা দেখব নির্বাচনটি আইন অনুযায়ী হয়েছে কি না। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হব।
সংলাপে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের সহযোগীরাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কোনো প্রার্থী সমর্থকদের নিয়ে নির্বাচনী সুবিধা নিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন বিলম্ব না করে ব্যবস্থা নেবে। প্রার্থী যত বড় নেতা বা জনপ্রিয়ই হোন, এ ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হবে না।
সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কথার অনেক গুরুত্ব রয়েছে। অনুসারীরা আপনাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে যদি আপনারা বলেন, আমরা আর সহিংস নির্বাচনের পথে হাটব না, ভোটের মাধ্যমেই নির্বাচনে জয়ী হতে হবে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমে পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।’
সংলাপের প্রথমদিনের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগ আসে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত ও নির্বাচনী অনুসন্ধান কমিটি রয়েছে। অনেকে প্রত্যাশা করেন, কমিশন অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া বা শাস্তি দেওয়ার নির্দেশ দেবে। কিন্তু এ ক্ষেত্রে কমিশনের কিছু সীমাবদ্ধতা রয়েছে।
‘নির্বাচনী অনুসন্ধান কমিটি বিচার বিভাগের অধীন। একজন বিচারককে কমিশন বলতে পারে না যে, কাউকে পাঁচ বা ১০ বছরের শাস্তি দিতে হবে, জামিন দেওয়া যাবে না কিংবা নির্দিষ্ট কোনো ব্যবস্থা নিতে হবে। তারা বিচার বিভাগের অংশ, নির্বাহী বিভাগের নয়। ফলে তাদের বিচারিক কার্যক্রমে কমিশনের সরাসরি নির্দেশনা দেওয়ার সুযোগ নেই।’
জরিমানার পরিমাণের প্রসঙ্গে সিইসি বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দিষ্ট আইনি ক্ষমতা রয়েছে। ইচ্ছা করলেই তাদের দিয়ে ৫০ হাজার বা এক লাখ টাকা জরিমানা করানো সম্ভব নয়। কারণ, তাদের জরিমানা করার ক্ষমতা দেশের প্রচলিত অন্যান্য আইন দ্বারা নির্ধারিত। তাই সংশ্লিষ্ট আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিধান তৈরি করতে হয়।
সংলাপে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতকে মূল্যবান উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে। কমিশন আশা করে, ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে তাদের আবারও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।
৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সংলাপের প্রথমদিনে বিএনপি অংশ না নিয়ে সংলাপের দ্বিতীয়দিন অর্থাৎ ৩০ নভেম্বর অংশ নেওয়ার কথা ইসিকে জানিয়েছে দলটি।
আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে। এদিন জামায়াতও অংশ নিতে পারে।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
এমএইচএইচ/এমআর