নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
দেশে প্রায় ৪৭ দশমিক ২ শতাংশ নারীর বিয়ে হয় ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। ১৫ বছরের কম বয়সে বিয়ের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের প্রবণতা এখনো উদ্বেগজনক। তাই বাল্যবিবাহ নির্মূলে সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে বাল্যবিবাহ বন্ধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সংলাপ ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
মন্ত্রী বলেন, বাল্যবিবাহ নির্মূল করা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করা না গেলে বাল্যবিবাহ প্রতিরোধের উদ্যোগ সফল করা কঠিন হবে।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই প্রতিটি মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। তবে এসব উদ্যোগের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে জনগণ আরও ভালো সেবা পাবে। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও বিদ্যমান বরাদ্দ ও সম্পদের সর্বোচ্চ জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, বাল্যবিবাহ বন্ধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সুশীল সমাজ, এনজিও, উন্নয়ন সহযোগী এবং সমাজের সর্বস্তরের মানুষ একসঙ্গে কাজ করলে এ সামাজিক ব্যাধি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।
কর্মশালায় উপস্থাপিত তথ্যে বলা হয়, দেশে ৪৭ দশমিক ২ শতাংশ নারীর বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। ১৫ বছরের কম বয়সীদের মধ্যে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বিয়ের হার তুলনামূলকভাবে বেড়েছে। ফলে বাল্যবিবাহ প্রতিরোধে চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে।
এক্ষেত্রে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রমের বিষয়টিও কর্মশালায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা জানান, দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে বর্তমানে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্লাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী সদস্য রয়েছে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রতিরোধে এসব ক্লাব ভূমিকা রাখছে।
কর্মশালায় জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এমানুয়েল আব্রিউ।
উচ্চপর্যায়ের এ সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
এম/এফএ