নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম
নির্বাচনে নারী-পুরুষের সমান অধিকারের দাবি জানিয়ে মুসলিম লীগের সভাপতি জুবাইদা কাদের চৌধুরী বলেছেন, নারীদের জন্য আলাদা কোনো কবরস্থান নেই। সেখানে নারী-পুরুষের ভেদাভেদ করা হয় না। অথচ নির্বাচনে অংশ নিতে গেলেই নারীদের নানা সীমাবদ্ধতার কথা বলা হয়। উপযুক্ত নারী প্রার্থী দেশের প্রতিটি থানা ও গ্রামে রয়েছেন।
রোববার (২৯ নভেস্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংলাপে সভাপতিত্ব করছেন।
নারী নেত্রী বলেন, এখানে যতগুলো পলিটিক্যাল পার্টি এসেছে, তার মধ্যে আমি একমাত্র নারী। তাই মনে হচ্ছে, আর তো কেউ আসেনি।
তিনি আরও বলেন, বিগত দুটো সরকার কিন্তু আপনারা নারীদের দ্বারাই ছিল। আমরা মহিলারা অনেক বেশি সচেতন। আমাদের ভোটেই কিন্তু সরকার হয়। যারা জিতেছে তারা আমাদের ভোটেই জিতেছে। রিকশাওয়ালাও মহিলাদের বলেছিল, আপনারা জামায়াতকে ভোট দিয়েন। কিন্তু সেও—তারা জামায়াতেরই স্ত্রী। কিন্তু আমি জানি, ওরা অন্য জায়গায় গিয়ে ভোট দিয়েছে। এই কথাটুকু আমি এইজন্য বলি, কারণ ইলেকশনের সময় আমি ফিল্ডে ছিলাম।
নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের মহিলাদেরকে বাদ দিয়ে আপনারা কিছু করবেন না। হ্যাঁ, আমাদের এখন নির্বাচনে যাওয়া সম্ভব হবে না। কারণ অর্থনৈতিকভাবে আমরা ওরকম হইনি। কিন্তু অনেকেই হয়েছে।’
‘অনেক সময় বলা হয়েছে, স্বামীর পায়ের নিচে বেহেশত। স্বামী তো আগে যেতে হবে, তারপর না তার পায়ের নিচে আমার বেহেশত হতে হবে! হ্যাঁ? এটা কেন বলা হয়? এটা উনাদের সুযোগ মতোই উনারা বলেন। হ্যাঁ, স্বামী অবশ্যই আমার লাইফ পার্টনার।’
নারী পুরুষের সমান অধিকার দাবি করে তিনি বলেন, আমরা যখন পরীক্ষার খাতা দেখি, তখন কি আমরা দেখি কোনটা মেয়ের খাতা, কোনটা ছেলের খাতা? মার্কস তো মেয়েরা বেশি পেয়ে যায়, সেটা দেখেন না আপনারা। মেয়েদের জন্য আলাদা কবরস্থান নেই। সেখানে মহিলা না পুরুষ, সেটাও হয় না। কিন্তু নির্বাচনে যখন আমরা যাব, তখন এই মহিলাই পারবে না। আমরা পুরুষদের সাথে নির্বাচন করব না। আমরা মহিলাদের সাথেই নির্বাচন করব। উপযুক্ত মহিলা প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি গ্রামে আছে।
মুসলিম লীগের প্রধান বলেন, আমি সত্যিই পুরুষের বিরুদ্ধে বলতে চাচ্ছি না। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ, সকলের এত সাজেশন ছিল, সুন্দর সুন্দর সাজেশন দিয়েছিল, কিভাবে ইলেকশনটা করতে যাবে। কিন্তু নারীর বিষয়ে কোনো কথা নেই।
এমএইচএইচ/এএস