নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
কিশোরগঞ্জ-৩ আসনের আসন্ন উপনির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বালোচনা ছাড়া বদলি বা ছুটি না দিতে মন্ত্রী পরিষদে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি মন্ত্রী পরিষদের সচিব নাসিমুল গনিকে পাঠিয়েছে সংস্থাটি।
শনিবার (২৮ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির সিনিয়র সচিবের পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ওই নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ তথা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত অফিস/প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস/শিক্ষা প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন হবে। পাশাপাশি, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
এতে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৬ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ অনুযায়ী নির্বাচনের কাজে সহায়তা প্রদান করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য মর্মে বিবেচ্য নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৩ নম্বর আইন) অনুসারে নির্বাচন সংক্রান্ত কাজে দায়িত্বপ্রাপ্ত হলে তিনি উক্তরূপ নিয়োগের পর নির্বাচনি দায়িত্ব হতে অব্যাহতি না পাওয়া পর্যন্ত তার চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে চাকুরিরত আছেন বলে গণ্য হবেন।
তাছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪৬ অনুচ্ছেদের বিধান অনুসারে নির্বাচনি সময়সূচি জারি হওয়ার পর হতে ফলাফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের সহিত পূর্বালোচনা ব্যতীত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার কোন কর্মকর্তা/কর্মচারীকে অন্যত্র বদলি না করার বিধান রয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তিরা তাদের ওপর অর্পিত দায়িত্ব আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষভাবে পালনের মাধ্যমে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন। এ লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের সঙ্গে পূর্বালোচনা ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা ছুটি দেওয়া যাবে না।
একইসঙ্গে নির্বাচনি দায়িত্ব ব্যাহত হতে পারে- এমন কোনো কাজে তাদের নিয়োজিত না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগ এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থাকে নির্দেশনা দেওয়ার জন্য সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৫ ও ৪৪৪ অনুচ্ছেদের আলোকে অনুরোধ জানানো হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি।
গত ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিলে ওইদিন তা গ্রহণ করে স্পিকার আসনটি শূণ্য ঘোষণা করেন।
এরপর ওইদিন বিকালে সংসদ সচিবালয় কিশোরগঞ্জ-৩ আসন শূণ্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে আর গত ২৫ নভেম্বর ইসি এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
এমএইচএইচ/এএইচ