Dhaka Mail Logo

জাতীয়

অনভিবাসী ভিসাধারীদের জন্য যে বার্তা দিল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

অনভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের যাবতীয় খরচ বহনের আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা সাক্ষাৎকারের সময় এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করুন। পাশাপাশি ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই সেই খরচ বহনের প্রস্তুতিও থাকতে হবে।

দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনুন।

/এসআই