Dhaka Mail Logo

জাতীয়

ফেরি ভাড়া বাড়ল ২০ শতাংশ, কার্যকর কাল থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ আগস্ট ২০২২, ০৮:১২ পিএম

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এবার বাড়ল ফেরির ভাড়া। গণপরিবহন, নৌপথের লঞ্চের পর ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে জুন মাসেও একই কারণে ফেরিতে একই পরিমাণ ভাড়া বাড়ানো হয়েছিল।

বুধবার থেকে দেশের সব রুটের ফেরিতে যানবাহন পারাপারের ভাড়া ২০ শতাংশ বাড়তি দিতে হবে জলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে গত ১৬ জুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল। এ নিয়ে দুই মাসের ব্যবধানে ৪০ শতাংশের বেশি ভাড়া বাড়ানো হলো।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বর্তমানে ফেরিতে যে ভাড়া নেওয়া হচ্ছে তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, এখন পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট, শিমুলিয়া-বাংলাবাজার/ মাঝিরকান্দী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাটি-ভেদুরিয়া-এই ছয় রুটে ফেরি চলাচল করে।

নতুন করে ভাড়া বাড়ানোর আগপর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে (ভ্যাট ছাড়া) একটি এক টনের পণ্যবাহী যানবাহনের জন্য ৮৮০ টাকা, বড় বাসের জন্য ২ হাজার ১০০ টাকা, মাইক্রোবাসের জন্য ১০০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০ টাকা করে ভাড়া দিতে হতো। কাল থেকে এর সঙ্গে ২০ শতাংশ হারে ভাড়া যুক্ত হবে।

গত ছয় আগস্ট হঠাৎ করে মধ্যরাতে দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

বিইউ/এমআর