২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া হাজতির নাম ছক্কু মিয়া (৫৬)। তার বাবার নাম মৃত ইসমাইল হোসেন। হাজতি নম্বর ২৭৮৪৯/২৬। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মোতালেব বাগ এলাকায়। তবে কী মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
কারারক্ষী মো. জনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছক্কু মিয়া। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শনিবার ভোর ৫টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএমআর/এএস