নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ এএম
রাজধানীর আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে আগারগাঁও পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত সিএনজিচালকের নাম হাবিবুর রহমান (৬৫)। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বদরপাড়া এলাকায় আলিমুদ্দিন ফালহানের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে রাজধানীর মহাখালীর আইপিএইচ মন্দিরপাড়া এলাকায় বসবাস করেন।
হাবিবুর রহমানের ছেলে সুজন জানান, আগারগাঁও পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল তার বাবার সিএনজিতে বিস্ফোরিত হয়। এতে ককটেলের স্প্লিন্টার তার বাবার পিঠের পেছনের অংশ ও বাম হাতে লাগে। বিস্ফোরণের পর আহত অবস্থায় তিনি নিজ বাসায় চলে যান।
তিনি আরও জানান, স্বজনেরা প্রথমে তাকে স্থানীয় আয়েশা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শনিবার (২৮ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।
তিনি জানান, আগারগাঁও এলাকা থেকে ককটেল বিস্ফোরণে আহত এক সিএনজিচালককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এরআগে শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে হাতিরপুল, ওয়ারী, কাফরুল ও ধানমন্ডিতে পৃথক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও হাতিরপুলে বিস্ফোরণের পর পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।
এমএইচআর