নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
সমালোচক মানেই প্রতিপক্ষ নয়। অন্যের মতামত ও মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সম্মান এবং যুক্তির মাধ্যমে দ্বিমত খণ্ডনের চর্চা শুধু বিতর্ক প্রতিযোগিতায় নয়, ব্যক্তিজীবন থেকে শুরু করে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শুক্রবার (২৭ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশের ৩২টি বিতর্ক দলের সদস্য ও বিচারকমণ্ডলীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীদের দুর্নীতিবিরোধী শপথও পাঠ করান টিআইবির নির্বাহী পরিচালক।
বিতার্কিক ও বিচারকদের স্বাগত জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সময়ানুবর্তিতা, সহনশীলতা ও যৌক্তিকতার যে চর্চা করছেন, তা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেও অব্যাহত রাখা প্রয়োজন। প্রতিযোগিতায় সবার অংশগ্রহণকে তিনি আয়োজকদের জন্য আনন্দ ও সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে তরুণ সমাজকে অন্যতম সহায়ক শক্তি হিসেবে উল্লেখ করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতির কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হয়। কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মানুষ ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশে দুর্নীতি মধ্যম মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ বাড়ত। আর কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে বছরে ১৬ বিলিয়ন ডলার অর্থ পাচার রোধ করা সম্ভব হতো।
দুর্নীতি নিয়ন্ত্রণের চারটি পূর্বশর্ত তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রথম শর্ত রাজনৈতিক সদিচ্ছা। যাদের হাতে রাষ্ট্রক্ষমতা, কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের আন্তরিক ও প্রত্যয়ী হতে হবে।
দ্বিতীয় শর্ত হিসেবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় এনে সুবিচার নিশ্চিত করার কথা বলেন তিনি। এ ক্ষেত্রে ভয়ভীতি ও করুণার ঊর্ধ্বে উঠে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় নির্বিশেষে আইনের দৃষ্টিতে সবাই সমান—এই নীতি কার্যকর করতে হবে।
তৃতীয় শর্ত হিসেবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো যাতে যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন।
চতুর্থ শর্ত হিসেবে সাধারণ মানুষের দুর্নীতিবিরোধী সচেতনতা ও সোচ্চার ভূমিকার কথা উল্লেখ করেন ড. ইফতেখারুজ্জামান। তাঁর মতে, সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে দাবি তৈরি করতে হবে এবং এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে কার্যকর দুর্নীতিবিরোধী আন্দোলন গড়ে তুলতে টিআইবি কাজ করছে।
অনুষ্ঠানে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানার পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এটি পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব তৈরির একটি ভালো সুযোগ।
তিনি বলেন, তরুণদের দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম প্রতিনিধি হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করে টিআইবি। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি এবং সামাজিক আন্দোলনে তাঁদের সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
টিআইবি জানিয়েছে, চতুর্থবারের মতো ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী এ আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
এবারের প্রতিযোগিতায় সেরা আটটি দল পরবর্তী আয়োজনে নিবন্ধন সাপেক্ষে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতার প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে অন্তত একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
এএইচ/এআর