জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আইজিপি বলেন, যারা দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে ভালো করতে নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন।
অনুষ্ঠানে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ান্দোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি), রানারআপ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
উশুতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। অন্যদিকে, কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানারআপ হয়েছে সিএমপি।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি। এ সময় শিশুরা মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে।
এমআইকে/এআর