Dhaka Mail Logo

জাতীয়

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি কর্মী

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বোয়েসেলের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার  (২৭ নভেম্বর) ভোরে মালয়েশিয়ায় পৌঁছেছেন।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ হাইকমিশন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় হাইকমিশনার কর্মীদের অভিনন্দন জানান এবং মালয়েশিয়ায় তাঁদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দেশটির প্রচলিত আইন-কানুন ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন সুযোগ তৈরি হলো।

এম/এআর