Dhaka Mail Logo

জাতীয়

ঢাকার চাপ কমাতে কেরানীগঞ্জে হচ্ছে ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে পরিকল্পিত সেকেন্ডারি সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন এই জনবসতি গড়ে তোলার মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি করতে চায় সরকার। প্রাথমিকভাবে কেরানীগঞ্জের কলাতিয়া, তারানগরসহ আশপাশের কয়েকটি এলাকাকে প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উদ্যোগে নেওয়া এ পরিকল্পনায় আবাসনের পাশাপাশি উন্নত সড়ক যোগাযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক, খেলার মাঠ ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা ভাবা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর কেন্দ্রীয় এলাকার আবাসনচাপ কমার পাশাপাশি ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণ রোধেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

প্রকল্পের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে মনদীপ ঘরাই বলেন, ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশসড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগব্যবস্থার সমন্বিত উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতি হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এর বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট কতটি আবাসন তৈরি হবে, নির্মাণব্যয় কত হবে এবং কখন বাস্তবায়ন শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন

প্রয়োজনের অর্ধেক রাস্তাও নেই রাজধানীতে

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা পূরণে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। এতে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বাসসকে বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদা বিবেচনায় সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুড়িগঙ্গার ওপারে গড়ে উঠবে নতুন শহর। ছবি: সংগৃহীত
বুড়িগঙ্গার ওপারে গড়ে উঠবে নতুন শহর। ছবি: সংগৃহীত

তিনি বলেন, সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল ও সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে সর্বস্তরের মানুষের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাসম্পন্ন নিরাপদ আবাসিক এলাকা গড়ে তোলার প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।

যে এলাকায় গড়ে উঠবে নতুন শহর

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথিপত্র অনুযায়ী, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় কেরানীগঞ্জে ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করে প্রতিবেদন দিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটি চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ এপ্রিল কমিটির সদস্যরা সরেজমিনে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।

প্রস্তাবিত স্থানটি কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকায় বিস্তৃত। বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে এর অবস্থান।

নথিতে বলা হয়েছে, প্রস্তাবিত এলাকার মাত্র ৫ থেকে ৮ শতাংশ জমিতে বর্তমানে বসতবাড়ি রয়েছে। বাকি অংশের অধিকাংশই এক ফসলি কৃষিজমি। এসব কৃষিজমিতে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের বিলবোর্ডও দেখা গেছে।

প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়ক রয়েছে। এ বাইপাসের মাধ্যমে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক ও মোহাম্মদপুরের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

আধুনিক ঢাকা নয়, প্রয়োজন নাগরিক সুবিধাসম্পন্ন বাসযোগ্য নগরী

প্রকল্প এলাকার প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে সেকেন্ডারি সিটির জন্য দুটি প্রধান প্রবেশসড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একর জমি নিয়ে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে চায় সরকার। ছবি: সংগৃহীত
ঢাকাকে বাসযোগ্য নগরী করতে চায় সরকার। ছবি: সংগৃহীত

নথিতে আরও বলা হয়েছে, মোহাম্মদপুরের পাশের এ এলাকাটি রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে সেকেন্ডারি সিটি নির্মাণের জন্য অত্যন্ত উপযোগী। সরকারি উদ্যোগে পরিকল্পিত আবাসন গড়ে উঠলে এ অঞ্চলে অপরিকল্পিত নগরায়ণ ও ঝুঁকিপূর্ণ বেসরকারি আবাসন প্রকল্পে বিনিয়োগের প্রবণতা কমানো সম্ভব হবে।

দেশজুড়ে আবাসন প্রকল্প সম্প্রসারণ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সংস্থাটির ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ছয় হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন আরও নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ছয় হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ছয় হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন

উন্নয়ন নয়, পরিকল্পনার ব্যর্থতায় বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা: আইপিডি

জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে জমির তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।

এসব আবাসন প্রকল্পে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবনের পাশাপাশি ভূমিকম্পসহনশীল অবকাঠামো, পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থাও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। মানুষের সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলাই এসব উদ্যোগের লক্ষ্য। সূত্র: বাসস

জেবি