নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ এএম
শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের সাব-কমিটি গঠন করেছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এই সাব-কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়াকে।
সাব-কমিটিকে প্রতিটি অভিযোগ তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষ পেলেন রেজা কিবরিয়া
সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী গঠিত এই সাব-কমিটির অন্য সদস্যরা হলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, বিভিন্ন পরিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবে সাব-কমিটি। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ মূল কমিটিতে প্রতিবেদন জমা দেবে তারা।