নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
রমজান সামনে রেখে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা করছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
সংগঠনটির অভিযোগ, ব্যবসায়ীদের চাপের মুখে ১৮ কোটি ভোক্তার স্বার্থ উপেক্ষা করে সরকার সয়াবিন তেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে। এতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
তিনি বলেন, রমজানের আগে নিত্যপণ্যের বাজারকে আরেক দফা অস্থির করার সুযোগ তৈরি করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সয়াবিন তেলের আমদানিকারকরা রমজানের আগে দাম বাড়ানোর প্রস্তুতি হিসেবে এমন পরিস্থিতি তৈরি করেছেন। সরকারকে দাম বাড়াতে বাধ্য করতে তারা সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
এস এম নাজের হোসাইন বলেন, এমনিতেই তৈরি পোশাকশ্রমিকসহ সীমিত আয়ের মানুষ নিত্যপণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে চরম অসন্তোষের মধ্যে রয়েছেন। এর মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে। একই সঙ্গে নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।
ক্যাবের এই নেতা বলেন, রমজান সামনে রেখে কয়েক সপ্তাহ ধরেই ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীরা নানা ধরনের ফর্মুলা বের করছেন। সর্বশেষ ২০২২ সালে সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণ দেখানো হয়েছিল। কিন্তু এবার তেমন কোনো কারণ সামনে না থাকলেও ব্যবসায়ীদের চাপে সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করেছে।
তিনি আরও বলেন, সরকার যদি ১৮ কোটি ভোক্তার স্বার্থ বিবেচনা না করে শুধু ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে নীতিনির্ধারণ করে, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত হবে না। বরং এ ক্ষোভ থেকে জনঅসন্তোষ ও বিক্ষোভ দানা বাঁধতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এমআর/এএম