Dhaka Mail Logo

জাতীয়

সাংবাদিক নিজাম উদ্দিনকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে দুর্নীতির অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশ। কিন্তু বক্তব্য দেওয়ার পরিবর্তে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বক্তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয়ে তিনি বিগত বছরগুলোতে অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করেন তাঁরা। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে গণপূর্ত অধিদপ্তরে প্রভাব বিস্তারের অভিযোগও করেন বক্তারা। তাঁদের দাবি, আগের সরকারের আমলে অনিয়ম ও লুটপাটের যে ধারা ছিল, বিএনপি সরকারের আমলেও তা অব্যাহত রাখতে চান ওই কর্মকর্তা।

বক্তারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের অংশ। এ দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধন থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন, নিজাম উদ্দিন দরবেশের নিরাপত্তা নিশ্চিত এবং ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দপ্তর সম্পাদক রাশেদ মোল্লা, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম রোহান, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, মঈনউদ্দীন স্বপন ও সাজাদ মতিন।

এআর