Dhaka Mail Logo

জাতীয়

শেখ হাসিনা এখন ভারতের জন্যও বিরক্তির কারণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

শেখ হাসিনার কর্মকাণ্ড এখন ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনা এমন পাগলামি করছেন, যা ভারতকেও হজম করতে হচ্ছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি যে একটি সমস্যা, ভারতও তা বুঝতে পারছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও অসুবিধাগুলো ভারতও এখন উপলব্ধি করতে পারছে।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, তিনি সেখানে গিয়ে পাগলামি করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন, তখন তাঁকে বের করাও যাচ্ছে না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একপর্যায়ে বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য এক ধরনের নীতি, আর সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তাঁকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ প্রত্যর্পণ। তিনি নিজে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

এসএইচ/এআর