Dhaka Mail Logo

জাতীয়

বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের হৃদয় এক: স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দুটি আলাদা দেশ হলেও বাংলাদেশের ও পাকিস্তানের মানুষের হৃদয় এক বলে আমরা অন্তরে বিশ্বাস করি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সফররত সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, বাংলাদেশের মানুষের প্রতি পাকিস্তানের জনগণের উষ্ণতা ও সহমর্মিতা প্রদর্শনের জন্য ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিবিদ ও সমাজের সর্বস্তরের মানুষ বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছেন। আগামী দিনে পরবর্তী কর্মপন্থা ও যৌথ কৌশল নির্ধারণে দুই পক্ষ আবারও বৈঠকে বসবে।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান বৈঠকের বিষয়ে এ তথ্য জানান।

বৈঠকে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এআর